Sudarshan Chakra: কামাল দেখিয়েছিল অপারেশন সিঁদুরে! এবার আরও ৫ সুদর্শন চক্র কেনার পরিকল্পনা ভারতের – Bengali News | Showed off Power in Operation Sindoor! Now India plans to buy 5 more Sudarshan Chakras
নয়া দিল্লি: পাক আক্রমণের সময় এর খেলা দেখেছিল গোটা দেশ। অবাক বিস্ময়ে তাকিয়ে ছিল গোটা বিশ্ব। এই সিস্টেম ব্যবহার করেই ৩০০ কিলোমিটারেরও বেশি দূরে থাকা পাকিস্তানের একাধিক যুদ্ধ বিমানকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব হয়েছিল। এবার ভারতীয় বায়ুসেনার শক্তি আরও বাড়াতে রাশিয়া থেকে অতিরিক্ত ৫টি S-400 ‘সুদর্শন’ এয়ার ডিফেন্স স্কোয়াড্রন কেনার প্রক্রিয়া দ্রুতগতিতে এগোচ্ছে বলে জানা যাচ্ছে। সোজা কথায় অপারেশন সিঁদুরে পাকিস্তানি যুদ্ধ বিমান ও ড্রোনের বিরুদ্ধে সুদর্শন চক্রের চোখ ধাঁধানো ক্ষমতা দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিনের তৈরি HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তান তো বটেই ব্যর্থ হয়েছে ভেনেজুয়েলাতেও। সেখানে রাশিয়ার S-400 ভারতের আকাশসীমায় আসা পাকিস্তানের প্রায় সমস্ত ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে সফল হয়েছে। এখন নতুন এই ৫টি স্কোয়াড্রন ভারতের পূর্ব (চিন সীমান্ত) এবং পশ্চিম (পাকিস্তান সীমান্ত) উভয় দিকেই মোতায়েন করা হবে বলে খবর। সহজ কথায়, আকাশপথে শত্রুপক্ষকে রুখে দিতে ভারত এখন রাশিয়ার এই গেম-চেঞ্জার প্রযুক্তির উপর আরও বেশি ভরসা করছে বলেই মত ওয়াকিবহাল মহলের।
২০১৮ সালের চুক্তি অনুযায়ী ভারত ইতিমধ্যেই ৫টি স্কোয়াড্রনের মধ্যে ৩টি হাতে পেয়েছে। বাকি দু’টিও দ্রুত হাতে এসে যেতে পারে। এর পাশাপাশি আরও ৫টি নতুন স্কোয়াড্রন কেনার জন্য নতুন করে টেন্ডার ডাকা হচ্ছে। বিদেশ থেকে এই আধুনিক প্রযুক্তি কেনার পাশাপাশি ভারতের নিজস্ব প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO-ও কিন্তু থেমে নেই। ‘প্রজেক্ট কুশ’-এর আওয়াতেই ভারত একেবারে নিজস্ব দীর্ঘপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির কাজ পুরোদমে করে চলেছে।