বিয়ের পরই ফিরছেন রুপোলি পর্দায়! কোন ছবিতে জুটি বাঁধছেন বিজয়-রশ্মিকা? - Bengali News | Vijay Rashmika will come back on the silver screen again after marriage - 24 Ghanta Bangla News
Home

বিয়ের পরই ফিরছেন রুপোলি পর্দায়! কোন ছবিতে জুটি বাঁধছেন বিজয়-রশ্মিকা? – Bengali News | Vijay Rashmika will come back on the silver screen again after marriage

Spread the love

সবে গতরাতের সেই রূপকথা শেষ হয়েছে। উদয়পুরের লেক প্যালেসে চার হাত এক হয়েছে ভারতের ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা মন্দানা আর দক্ষিণী মেগাস্টার বিজয় দেবেরাকোন্ডার। সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের ছবি নিয়ে চলছে শোরগোল, আর বিয়ের এই আনন্দের মধ্যেই নতুন করে চর্চায় তাঁদের আগামী ছবি। বিয়ে তো সেরে নিলেন, এবার রুপোলি পর্দায় ফেরার পালা ‘ভিরোশ’-এর!

২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’-এর সেই লাজুক প্রেম মনে আছে? তারপর ‘ডিয়ার কমরেড’-এর সেই জমজমাটি কেমিস্ট্রি। পর্দার সেই প্রেম যে কবে বাস্তবের ছাদনাতলায় গিয়ে পৌঁছবে, তা নিয়ে গত কয়েক বছর ধরে কম জল্পনা হয়নি। অবশেষে সব জল্পনায় জল ঢেলে দিয়ে গতকালই তাঁরা হয়ে গিয়েছেন মিস্টার অ্যান্ড মিসেস দেবেরাকোন্ডা। তবে বিয়ের পরেই রাহুল সংকীর্তায়নের মেগা প্রজেক্ট ‘রণবালী’ (Ranabaali)-র হাত ধরে ফের পর্দায় কামব্যাক করছেন এই নবদম্পতি। সোশ্যাল মিডিয়ায় আগেই নিজেদের আসন্ন কাজের খবর জানিয়েছেন বিজয়।

বিজয় মানেই পর্দায় আগুন জ্বলে। তবে এবার আর সাধারণ হিরো নয়, বিজয় নামছেন দেশের হয়ে লড়তে। এই ছবির কথা বিজয় আগেই তাঁর ইনস্টাগ্রামে ভক্তদের জানিয়েছিলেন। ঝলক শেয়ার করে লিখেছিলেন, “ব্রিটিশরা ওকে ‘স্যাভেজ’ বা বর্বর বলত। আমি ওদের সঙ্গে একমত। ও সত্যিই আমাদের সেই বর্বর বীর ছিল!” বিজয়কে এখানে দেখা যাবে এক দুর্ধর্ষ স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে। আর তাঁর যোগ্য সহধর্মিণী রশ্মিকা থাকছেন ‘জায়াম্মা’র চরিত্রে। পর্দার প্রেম যখন বাস্তবে পরিণতি পেয়েছে, তখন তাঁদের এই নতুন কেমিস্ট্রি দেখতে যে থিয়েটারে ভিড় উপচে পড়বে, তা বলাই বাহুল্য।

হিটলারের চেয়েও ভয়ানক সেই ইতিহাস?

এই ছবি কেবল নাচ-গান বিনোদনে ছবি নয়, বরং ইতিহাসের ধুলোমাখা এক অন্ধকার সত্যি সামনে আনবে এই ছবি। ১৮৫৪ থেকে ১৮৭৮ সালের মধ্যবর্তী সময়ে ব্রিটিশ শাসিত ভারতে যে গণহত্যা চলেছিল, তা নাকি হিটলারের হলোকাস্টের থেকেও ভয়াবহ ছিল!সেই প্রেক্ষাপটেই তৈরি এই ছবি। প্রায় ৪৫ ট্রিলিয়ন ডলার লুট আর ১০ কোটি মানুষের মৃত্যুর এক মর্মান্তিক দলিল হতে চলেছে এই সিনেমা। এই হাড়হিম করা পরিস্থিতির বিরুদ্ধেই রুখে দাঁড়াবেন বিজয়।

এই ছবিতে বিজয়ের মুখোমুখি হচ্ছেন হলিউডের প্রখ্যাত অভিনেতা আর্নল্ড ভস্লু। মৈত্রী মুভি মেকারসের প্রযোজনায় তৈরি এই পিরিয়ড ড্রামাটি মুক্তি পেতে চলেছে আগামী ১১ সেপ্টেম্বর।

কালকের বিয়ের রেশ কাটতে না কাটতেই ভক্তরা অপেক্ষায় তাঁদের আসন্ন ছবির। বাস্তব জীবনের এই জুটি এবার পর্দায় ‘যোদ্ধা’র বেশে কেমন ম্যাজিক দেখান, এখন সেটাই দেখার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *