কলাপাতায় ভুরিভোজ! দেখুন বিজয়-রশ্মিকার বিয়ের গ্র্যান্ড মেনু – Bengali News | Inside Vijay Deverakonda and Rashmika Mandanna’s Intimate Udaipur Wedding: Guest List and Traditional Menu Revealed
পর্দার ‘অর্জুন রেড্ডি’ আর ‘শ্রীভল্লি’ এবার বাস্তবেই একে অপরের হতে চলেছেন। জল্পনা বহুদিনের, কিন্তু এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে মরুশহর উদয়পুরে। বিলাসিতা আর ঐতিহ্যের মিশেলে বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মান্দানা বিয়ে নিয়ে এখন সরগরম বিনোদন দুনিয়া। তবে আড়ম্বর থাকলেও, এই তারকা জুটি কিন্তু একান্তে আভিজাত্যপূর্ণ ভাবে সারছেন বিয়ে।
আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের বিলাসবহুল রিসোর্টে বসতে চলেছে এই গ্র্যান্ড ওয়েডিংয়ের আসর। তবে অবাক করার মতো বিষয় হল, বিজয় আর রশ্মিকা দুজনেই ভিড় এড়াতে চেয়েছেন। আর তাই আমন্ত্রিতদের তালিকা মাত্র ১০০ জনের! খুব কাছের আত্মীয়-পরিজন আর ফিল্ম ইন্ডাস্ট্রির হাতেগোনা কয়েকজন বন্ধুর উপস্থিতিতেই চার হাত এক হবে। তারকাদের মধ্যে ইতিমধ্যেই তরুণ ভাস্কর, সন্দীপ রেড্ডি ভাঙ্গা আর এষা রেবাদের ইতিমধ্যেই উদয়পুরের উদ্দেশ্যে রওনা হতে দেখা গিয়েছে। রাজনীতির দিক থেকেও তেলেঙ্গানার কিছু প্রভাবশালী ব্যক্তিত্বের আসার কথা রয়েছে। তবে কড়া নিরাপত্তা আর ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখেই বিয়ে সারছেন তাঁরা।
বিয়ের মেনু কার্ডে রয়েছে দারুণ চমক। উত্তর ভারতের রাজকীয় স্থানে বিয়ে হলেও খাবারের পাতে কিন্তু ষোলোআনা দক্ষিণ ভারতীয় টান। অতিথিদের স্বাগত জানানো হচ্ছে ডাব দিয়ে। আর মূল অনুষ্ঠানে ভুরিভোজ হবে একেবারে খাঁটি ঐতিহ্যবাহী কলাপাতায়। তেলেঙ্গানা, অন্ধ্র এবং কর্ণাটকের জিভে জল আনা সব পদ সাজানো থাকবে সেখানে। তালিকায় রয়েছে হায়দ্রাবাদি দম বিরিয়ানি, নাটু কোডি পুলুসু (মুরগির মাংসের বিশেষ ঝোল), গারেলেু, পাপ্পু এবং অবশ্যই শহরের বিখ্যাত কিমা সমোসা। রাশমিকার কোডাগু (কুর্গ) সংস্কৃতির ছোঁয়া রাখতে থাকছে কদম্বুট্টু এবং পান্ডি কারি। মিষ্টিমুখের জন্য মহীশূরের বিখ্যাত ‘মহীশূর পাক’ তো থাকছেই।
প্রাক-বিবাহ অনুষ্ঠানে অতিথিরা স্বাদ নিয়েছেন আধুনিক জাপানি খাবারের। কিন্তু মূল বিয়ের দিনটি রাখা হয়েছে সাবেকিয়ানার জন্য। শোনা যাচ্ছে উদয়পুরের বিয়ের পর্ব চুকলে এই দম্পতি হায়দ্রাবাদে একটি বড় রিসেপশন পার্টির পরিকল্পনা করছেন, যেখানে বহু তারকারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। তবে এখন ভক্তরা তাঁদের চারহাত এক হওয়ার অপেক্ষায়।