IED Recover: জারি হয়ে গিয়েছে হাই অ্যালার্ট, সতর্ক গোয়েন্দা-পুলিশ, তার মাঝেই উদ্ধার ভয়ঙ্কর জিনিস – Bengali News | IED Recovered amid Possible Terror Plan, High Alert Issued in Delhi
দিল্লিতে কড়া নিরাপত্তা।Image Credit: PTI
নয়া দিল্লি: দেশজুড়ে হাই অ্যালার্ট। আবার জঙ্গি হানার আশঙ্কা। পাকিস্তানের লস্কর-ই-তৈবা দিল্লিতে হামলা চালাতে পারে। ইতিমধ্য়েই গোয়েন্দারা অ্যালার্ট জারি করেছে। তার মধ্য়েই বড় খবর। পঞ্জাব ও কাশ্মীরে দুটি আইইডি উদ্ধার হয়েছে। সন্ত্রাসবাদী হামলার হুমকির সঙ্গে আইইডি উদ্ধারের সংযোগ পাওয়া না গেলেও, এই ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ তৈরি হয়েছে।
জানা গিয়েছে, শুক্রবার পঞ্জাবের অমৃতসরে একটি পুলিশ পোস্টের কাছে সন্দেহজনক ব্যাগ উদ্ধার হয়। ওই ব্যাগ থেকেই আইইডি উদ্ধার হয়। পুলিশ সঙ্গে সঙ্গে বম্ব ডিসপোজাল স্কোয়াডে খবর দেয় এবং প্রোটোকল মেনে আইইডি ডিফিউজ করা হয়।
ওই দিনই কাশ্মীরের গান্দেরবালের সাফাপোরায় আরেকটি আইইডি উদ্ধার হয়। সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশের বম্ব ডিটেকশন স্কোয়াড গিয়ে কয়েক ঘণ্টার মধ্য়ে সেই আইইডি নিষ্ক্রিয় করে। প্রসঙ্গত, চলতি সপ্তাহে এই নিয়ে তৃতীয় আইইডি উদ্ধার হল উত্তর কাশ্মীরে। বৃহস্পতিবার বারামুল্লা ও তাংমারাং রোড থেকে আইইডি উদ্ধার হয়।
প্রসঙ্গত, পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা দিল্লির একাধিক পর্যটন কেন্দ্র ও ধর্মীয় স্থানে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে। গত ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের ইসলামাবাদে একটি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়। ওই হামলার দায় স্বীকার করে নিয়েছে ইসলামিক স্টেট।
এরপরই গোয়েন্দাদের কাছে খবর আসে যে লস্কর জঙ্গিরা ভারতের একাধিক জায়গায় টার্গেট করা হচ্ছে হামলার জন্য়। দিল্লির চাঁদনি চক এলাকায় মন্দিরে ও লালকেল্লা সম্ভাব্য হামলার টার্গেট।