ক্যাটরিনার ছেলেকে বিশেষ উপহার পাঠালেন আলিয়া, প্রাক্তন প্রেমিকের বউকে পালটা কী লিখলেন ভিকি কৌশল ঘরনি? – Bengali News | Alia bhatt sends gifts for katrina kaifs son vihaan
একসময় রণবীর কাপুরের প্রেমে ডুবে ছিলেন ক্যাটরিনা কাইফ। তবে সে সম্পর্ক বেশিদিন টেকেনি। তারপরই রণবীরের জীবনে এন্ট্রি নেন আলিয়া, আর উল্টোদিকে ক্যাটরিনার জীবনে আসেন ভিকি কৌশল। তবে কখনই রণবীরের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনার সঙ্গে লড়াইয়ে যাননি আলিয়া। বরং দুজনের মধ্যে রয়েছে বেশ ভালোই সম্পর্ক। আর এবার সেই বন্ধুত্বের খাতিরেই ক্যাটরিনার ছেলেকে বিশেষ উপহার পাঠালেন রণবীর ঘরনি আলিয়টা ভাট।
বিনোদন জগতের সফল অভিনেত্রী হওয়ার পাশাপাশি প্রযোজক ও পোশাক ব্যবসায়ী হিসেবেও নিজের জমি শক্ত করেছেন আলিয়া ভাট। তাঁর প্রতিষ্ঠিত শিশুদের পোশাক ও খেলনার ব্র্যান্ড ‘এড-আ-মাম্মা’ (Ed-a-Mamma) এখন বলিউডের মায়েদের কাছে বেশ জনপ্রিয়। মা হওয়ার ঠিক আগে, ২০২২ সালের অক্টোবরে এই টেকসই ব্র্যান্ডটির যাত্রা শুরু করেছিলেন আলিয়া। নিজের ব্র্যান্ডের উপহার মাঝেমধ্যেই বলিউডের সতীর্থদের পাঠিয়ে থাকেন তিনি। এবার সেই তালিকায় নতুন নাম ক্যাটরিনা কাইফ।
সম্প্রতি ক্যাটরিনা ও ভিকি কৌশলের কোল আলো করে এসেছে তাঁদের পুত্রসন্তান বিহান। ছোট্ট বিহানের জন্য আলিয়ার পক্ষ থেকে পাঠানো হয়েছে একটি সুন্দর উপহারের ঝুড়ি। সেই উপহারের ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে কৃতজ্ঞতা জানিয়েছেন ক্যাটরিনা। উপহারের ছবি পোস্ট করে ক্যাটরিনা লিখেছেন, “অসংখ্য ধন্যবাদ এড-আ-মাম্মা, এই আদুরে খেলনাগুলোর জন্য।” আলিয়ার পাঠানো সেই ঝুড়িতে ছিল নীল রঙের থিমের বিভিন্ন উপহার, যার মধ্যে নজর কেড়েছে বিহানের জন্য পাঠানো একটি কিউট নীল রঙের খরগোশ।

২০২৩ সালে নিজের ব্র্যান্ডের পেছনের গল্প শুনিয়েছিলেন আলিয়া। তিনি জানান, গর্ভাবস্থায় নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়ে তিনি কিছুটা চিন্তিত ছিলেন। সেই সময় নিজের ওয়ার্ডরোবে ছোটখাটো বদল আনতে আনতেই মাথায় আসে মেটারনিটি কালেকশনের কথা। তিনি বলেন, “আমি ভাবিনি যে এটা এত দ্রুত বড় আকার নেবে। এরপর একে একে শিশুদের পোশাকও যুক্ত হয়।” বর্তমানে একেবারে সদ্যোজাত থেকে ১৪ বছর বয়সীদের জন্য পোশাক তৈরি করছে আলিয়ার এই সংস্থা। আগামীতে ব্যক্তিগত যত্ন, পরিবেশবান্ধব ডায়াপার ও খেলনা নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে তাঁর।
গত ৫ নভেম্বর, ২০২৫-এ পুত্রসন্তানের জন্ম দেন ক্যাটরিনা কাইফ। চলতি বছরের শুরুর দিকে ভিকি ও ক্যাটরিনা সামাজিক মাধ্যমে তাঁদের সন্তানের প্রথম ঝলক শেয়ার করেন। সেই সঙ্গে তাঁরা জানান যে তাঁদের ছেলের নাম রাখা হয়েছে ‘বিহান কৌশল’। আলিয়ার পাশাপাশি এর আগে করণ জোহর, কিয়ারা আদবানি এবং পরিণীতি চোপড়াকেও নিজের ব্র্যান্ডের পক্ষ থেকে বিশেষ উপহার পাঠিয়েছেন পর্দার ‘গাঙ্গুবাই’।