TMC: বিধানসভা ভোটে কে কে টিকিট চান? বায়োডাটা জমা দেওয়ার বাক্স বসাল তৃণমূল – Bengali News | TMC started taking biodata for candidate in WB assembly election
কলকাতা: মার্চ মাসের শুরুতেই ঘোষণা হতে পারে বিধানসভা নির্বাচন। শেষ মুহূর্তের প্রস্ততি সেরে নিচ্ছে শাসক-বিরোধী সব দল। ইস্তেহারে কী থাকবে, কোন কেন্দ্রে কাকে টিকিট দেওয়া হবে, সব হিসেব কষে ফেলছেন রাজনীতিকরা। রীতি মেনে তৃণমূলও শুরু করে দিল বায়োডেটা জমা নেওয়ার প্রক্রিয়া।
২০২১-এর পর ২০২৬, পাঁচ বছরে বদলেছে অনেক সমীকরণ। গতবার যাঁদের টিকিট দেওয়া হয়েছিল, তাঁরাই এবার টিকিট পাবেন নাকি নতুন মুখের তালিকা সামনে আসবে? আরও সেলিব্রিটি মুখ এনে কি চমকে দেবে রাজ্যের বর্তমান শাসক দল? এই সব জল্পনা থাকছেই।
তৃণমূল ভবনে চালু করা হয়েছে বায়োডেটা জমা দেওয়ার বিশেষ বাক্স। দলের যে কোনও সদস্য এই বক্সে নির্দিষ্ট বিধানসভার উল্লেখ করে প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারেন। ওয়াকিবহাল মহলের দাবি, বহু আসনেই প্রার্থী বেছে নেওয়ার কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। এছাড়া প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ভোটকুশলী সংস্থা আইপ্যাকের সার্ভে রিপোর্ট যে বড় ভূমিকা নেবে, তা বলার অপেক্ষা রাখে না। তবু রীতি মেনে, দলের পুরোনো নিয়ম মেনেই চালু হল আবেদন বাক্স।
এদিকে, ভোট এগিয়ে আসতেই দলবদলের পর্ব শুরু হয়ে গিয়েছে। সদ্য সিপিএমের সদস্যপদ ছেড়ে আসা তরুণ নেতা প্রতীক উর রহমান তৃণমূলে যোগ দিতে পারেন, এমন জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। শুধু তাই নয়, গত লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করা প্রতীক উরকে মগরাহাট বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট দেওয়া হতে পারে বলেও সূত্রের খবর।