RAC টিকিট পেলে অর্ধেক টাকা ফেরত দেবে রেল? – Bengali News | Will Indian Railways Refund Half Fare if Train ticket is Not Confirmed? What Parliament Public Account Committee Says
নয়া দিল্লি: ট্রেনে টিকিট কাটতে গেলে সবসময় যে কনফার্ম টিকিট পাওয়া যাবে, এমনটা নয়। অনেক সময়ই যাত্রীরা রিজার্ভেশন এগেনস্ট ক্যানসেলেশন বা আরএসি টিকিট পাওয়া যায়। তখন অন্য যাত্রীর সঙ্গে সিট ভাগ করে সফর করতে হয়। এবার সংসদে উঠল আরএসি টিকিটের প্রসঙ্গ। সংসদের পাবলিক অ্যাকাউন্ট কমিটি আরএসি টিকিট নিয়ে আপত্তি তুলল। এর বদলে রেলওয়েকে বিকল্প ব্যবস্থার পরামর্শ দেওয়া হল। পাশাপাশি সুপারফাস্ট ট্রেনের স্পিড নিয়েও রেলওয়েকে রিভিউ বা পর্যালোচনার পরামর্শ দেওয়া হয়েছে।
চলতি সপ্তাহের বুধবার সংসদের পাবলিক অ্যাকাউন্ট কমিটির কাছে ‘পাংচুয়ালিটি অ্যান্ড ট্রাভেল টাইম ইন ট্রেন অপারেশনস ইন ইন্ডিয়ান রেলওয়েজ’ রিপোর্ট পেশ হয়। সেখানে পার্লামেন্ট কমিটির তরফে বলা হয় যে আরএসি টিকিটের জন্য সম্পূর্ণ দাম নেওয়া হয়, যেখানে চার্ট তৈরির পরও বার্থের সুবিধা পায় না যাত্রীরা, তাকে অন্য যাত্রীর সঙ্গে সিট ভাগ করতে হয়। এটা ঠিক নয়। যারা কনফার্ম টিকিট পান, তাদের মতোই সমান টিকিটের দাম দিতে হয় আরএসি টিকিটের যাত্রীদের।
সংসদীয় কমিটির তরফে রেল মন্ত্রককে সুপারিশ দেওয়া হয় যে আরএসি যাত্রীদের আংশিক ভাড়া রিটার্ন দেওয়ার ব্যবস্থা করা হোক। যাদের টিকিট কনফার্ম হবে না, তাদের টিকিটের আংশিক দাম রিফান্ড করে দেওয়া হবে এই সিস্টেমে। রেলওয়েকে এই ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়।
পাবলিক অ্যাকাউন্ট কমিটি আরও প্রশ্ন তোলে যে ২০০৭ সালের নিয়ম অনুযায়ী, ব্রড গেজে ঘণ্টায় ৫৫ কিলোমিটার এবং মিটার গেজে ঘণ্টায় ৪৫ কিলোমিটার যে ট্রেনের গতিবেগ হয়, সেগুলিকে সুপারফাস্ট ট্রেন বলে গণ্য করা হয়। বর্তমানে যেহেতু প্রযুক্তি ও পরিকাঠামোর উন্নতি হয়েছে, তাই এই বেঞ্চমার্ক অনেক কম। বর্তমানে ৪৭৮ সুপারফাস্ট ট্রেনের মধ্যে ১২৩ ট্রেন ঘণ্টায় ৫৫ কিলোমিটারের নীচে চলে।