Kolkata: মাঝরাতে নাগাদ ঘণ্টা দেড়েকের অপারেশন, খাস কলকাতায় জনপ্রিয় দুই মন্দির ফাঁকা করে দিল ৩ ডাকাত – Bengali News | Around midnight, three robbers carried out a one and a half hour operation, emptying two popular Temple
ব্যাপক চাঞ্চল্য এলাকায় Image Credit: TV 9 Bangla
কলকাতা: খাস কলকাতায় পরপর দু’টি মন্দিরে দুর্ধর্ষ ডাকাতি। প্রথমে হনুমান মন্দির তারপরে কালী শীতলা মন্দিরে ডাকাতি। ভাঙল তালা। গায়েব হয়ে গেল প্রণামী বাক্সের টাকা। যাদবপুর সংলগ্ন এলাকায় এমনিতেই অত্যন্ত জনপ্রিয় বাঘাযতীনের লায়েলকা হনুমান মন্দির। মন্দিরের বয়স প্রায় ৫০ বছর। শনি-মঙ্গলবার তো প্রায় হাজের পাঁচেক ভক্তের সমাগমও হয়। সূত্রের খবর, গতকাল রাত ৩ টে নাগাদ প্রথমে বাইক আরোহী দুই যুবক কে এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। এরপর তৃতীয় ব্যক্তির আবির্ভাব ঘটে। তৃতীয় ব্যক্তি ভিতরে ঢোকে। তখন বাইরে বাইকে বসে চারিদিকে সতর্ক নজর রাখছিল দুই যুবক। প্রায় ঘণ্টা দেড়েক ৩ যুবকের সম্মিলিত অপারেশনের পুরোটাই ধরা পড়ে মন্দিরের বিভিন্ন দিকে এবং ভিতরে লাগানো সিসিটিভি ক্যামেরায়।
বিষয়টি জানাজানি হয় সকালে। পুরোহিত মন্দিরে এসে দেখতে পান তালা ভাঙা। প্রণামীর বাক্স থেকে চুরি গিয়েছে কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা। এলাকাবাসী নিশ্চিত রীতিমতো রেইকি করে এই কাজ করা হয়েছে। তবে সিসিটিভি তে দেখা যাচ্ছে যে ৩ যুবককে তারা কেউ স্থানীয় বাসিন্দা নয় বলেই তাদের দাবি। ঘটনাকে কেন্দ্র করে দিনভর চাপানউতোর চলল এলাকায়। প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে।
মন্দির কমিটির সদস্য সুদীপ দেব চৌধুরী বলছেন, “আগে থেকেই পুরোটা ওরা প্ল্যান করেছিল। রেইকি করেই হানা দেয়। সিসিটিভি ফুটেজে তো স্পষ্ট দেখা যাচ্ছে এলাকায় ওরা অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করছিল। চারদিকে দেখেছে। তারমধ্যেই পুুরো অপারেশন চালায়। চেহারা দেখে তো এলাকার লোক বলে মনে হয় না। পরিচিত মুখ নয়।”