Gold Price Drop: স্বপ্ন নয়, সত্যি আবার ৭০ হাজারে নেমে আসছে সোনার দাম? – Bengali News | No Dream, Will Gold Price Actually fall to 70 Thousand for Real? Market Experts Gives Big Hint
সত্যি সোনার দাম অর্ধেক হয়ে যাবে?Image Credit: PTI
নয়া দিল্লি: আকাশছোঁয়া উত্থান, তারপরই ক্র্যাশ! সোনার দাম এমনভাবেই ওঠা-নামা করছে। কোনওদিন দেখা যাচ্ছে, একদিনেই ৪-৫ হাজার টাকা বাড়ছে সোনার দাম। আবার দু’দিন পরই একধাক্কায় ২০-২৫ হাজার টাকাও পতন হচ্ছে সোনার দামে। এদিকে, বিয়ের মরশুম চলছে। এই সময়ে সোনা কেনা ঠিক হবে কি না, তা অনেকেই বুঝতে পারছেন না। কেউ বলছেন, সোনার দাম আরও কিছুটা কমতে পারে। কেউ আবার অপেক্ষা করতে নারাজ। তাদের আশঙ্কা, এখন সুযোগ হাতছাড়া করলে আবার সোনার দাম বেড়ে যাবে। সত্যিই কি আরও সোনার দাম কমবে নাকি এখনই সোনা কিনে ফেলা উচিত?
সোনার দাম বাড়তে বাড়তে ১ লাখ ৭০ হাজারের কাছাকাছি পৌঁছেছিল। সেখান থেকেই পতন। ফেব্রুয়ারির গোড়াতে দাম ১ লাখ ৩৫ হাজার থেকে ৪০ হাজারে নেমে এসেছে। মার্কেট এক্সপার্টরা বলছেন, সোনার দামে আরও পতন হতে পারে। এর নেপথ্যে একাধিক কারণও রয়েছে।
অন্যতম কারণ হল আমেরিকাকে ঘিরে অর্থনৈতিক উন্নয়ন। মার্কিন প্রেসিডেন্টের বাণিজ্যনীতি, পাল্টা শুল্কের চাপের কারণে মার্কিন ডলার ক্রমাগত শক্তিশালী হচ্ছে। আর যখনই ডলার শক্তিশালী হয়, তখন সোনার দামে পরিবর্তন হয়। বিনিয়োগকারীরাও সোনায় বিনিয়োগ থেকে সরে আসেন। ফলে চাহিদা কমায় সোনার দামও নিম্নমুখী হতে থাকে।
সোনার দাম বাড়ার সবথেকে বড় কারণ ছিল বৈশ্বিক অস্থিরতা। একাধিক দেশের মধ্যে সংঘাতের কারণে বিগত কয়েক বছরে বিশ্ব বাজারে চূড়ান্ত অস্থিরতা, টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এর কারণেই বিনিয়োগকারীরাও সুরক্ষিত বিনিয়োগ হিসাবে সোনায় বিনিয়োগ করছিলেন। স্বাভাবিকভাবেই সোনার দাম বেড়ে যায়। তবে সাম্প্রতিক সময়ে কিছুটা হলেও শান্ত হয়েছে বিশ্ব। একাধিক দেশের মধ্যে বিবাদ-সংঘাত ধীরে ধীরে মিটছে। এর প্রভাব দেখা যাচ্ছে স্টক মার্কেটেও। অনেক বিনিয়োগকারীরাই, যারা সোনায় বিনিয়োগ করেছিলেন, তারা আবার সেই টাকা তুলে নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করছেন। একে প্রফিট বুকিং বলে। এই বুকিংয়ের চাপে এবার সোনার দাম কমার সমূহ সম্ভাবনা।
তবে প্রশ্ন হল, কমলেও, কতটা কমবে সোনার দাম? আবার কি ৭০ হাজার টাকায় নেমে আসবে ১০ গ্রাম সোনার দাম? বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে বিগত কয়েকদিনেই প্রায় ২০ হাজার টাকার কাছাকাছি সোনার দামে পতন হয়েছে, তাতে ৭০ হাজারে সোনার দাম নেমে আসা অসম্ভব নয়। যদি আন্তর্জাতিক বাজারে সোনার দামে পতন হয়, তাহলে ভারতের বাজারেও সোনার দাম একধাক্কায় অনেকটা কমে যেতে পারে।
পাশাপাশি, ডলারের সাপেক্ষে টাকার দামও বাড়ছে। টাকার মূল্য বাড়লে, আমদানি খরচ অনেকটা কমবে। ফলে সোনার দাম আরও কমবে। এতগুলি কারণ থাকলেও, রাতারাতি যে ১ লাখ ৪০ হাজার থেকে ৭০ হাজারে নেমে আসবে সোনার দাম, এমনটা নয়। এই দামে পতন ধীরে ধীরে হবে এবং মাঝে আবার বাড়তেও পারে।
বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ দাম কমেছে দেখে প্রচুর টাকা বিনিয়োগ করে বেশি সোনা কেনা বুদ্ধিমানের কাজ হবে না। তার থেকে বরং দাম কমলে, অল্প অল্প করে সোনা কেনা যেতে পারে। অনেকটা পতন হলে, আরও একটু বেশি পরিমাণে সোনা কিনতে পারেন। এতে ক্ষতির সম্ভাবনা কম।