বয়স নয়, ফিটনেসই আসল... বিশ্বকাপের আগে রো-কোর পাশে ধোনি! - Bengali News | According to dhoni fitness is more important than age - 24 Ghanta Bangla News
Home

বয়স নয়, ফিটনেসই আসল… বিশ্বকাপের আগে রো-কোর পাশে ধোনি! – Bengali News | According to dhoni fitness is more important than age

কলকাতা : ২০২৭ ওডিআই বিশ্বকাপ শুরু হতে এখনও হাতে প্রায় দেড় বছর সময়। তার আগে ভারতীয় দলের দুই অস্ত্র রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে যাবতীয় বিতর্কে জল ঢেলে দিলেন প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর বক্তব্য , যতদিন ফিটনেস রয়েছে, ততদিন খেলতে পারেন রো -কো। টেস্ট থেকে অবসরের পরেই তাঁদের প্রত্যেক ম্যাচের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। কিন্তু গত বছরের শেষদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে পরপর দুই ম্যাচেই ০ রানে আউট হয়ে যান বিরাট। তারপর থেকেই চূড়ান্ত সমালোচনা শুরু হয় কোহলির। কিন্তু অবিশ্বাস্য ভাবে এরপর থেকেই ফর্মের শিখরে আছেন কোহলি। সম্প্রতি নিজের ৮৫তম আন্তর্জাতিক শতরানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেছেন তিনি।

একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ধোনি বলেন, প্রায় চল্লিশের কোঠা ছুঁয়ে ফেলা কাউকে স্রেফ বয়সের দোহাই দিয়ে বাদ দেওয়া যায় না। রোহিত ও কোহলি বিশ্বকাপ খেলবেন কিনা, সেই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে তাঁদেরই। তাঁর কথায়, “আমি যখন ২৪ বছর বয়সে ডেবিউ করেছিলাম, তখন আমাকে কেউ বয়স নিয়ে কোন নিষেধাজ্ঞা শোনায় নি। সুতরাং, এত বছর পর আমার বয়স নিয়ে কোন নিষেধাজ্ঞা আমি শুনতে রাজি নই।” প্রসঙ্গত, আইপিএলে সবথেকে বেশি বয়সী “আনক্যাপড” ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছেন ৪৪ বছর বয়সী ধোনি।

মাহি এও বলেছেন, “কমবয়সে অভিজ্ঞতা সঞ্চয় করতে গেলে তাঁকে কমপক্ষে ১৬ বছরেই অভিষেক করতে হবে, যা এই সময়ে যথেষ্ট ঝুঁকিপূর্ণ।” পরবর্তী বিশ্বকাপ হওয়ার সময় রোহিত হবেন ৩৯, সেখানে বিরাটের বয়স ছোঁবে ৩৮এর কোঠা। কিন্তু তাঁদের দু’জনের সাম্প্রতিক ফর্মই সমস্ত সমালোচকের মুখে কুলুপ এঁটে রেখেছে।

সম্প্রতি বিরাট ও রোহিতের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্য নির্বাচক অজিত আগরকর। যা নিয়ে গোটা দেশের ক্রিকেটমহলের রোষের মুখে পড়েন অজিত। এর মধ্যেই জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর ঘোষণা করে দেন, জাতীয় দলে ক্রমাগত সুযোগ পেতে গেলে দলীপ ট্রফি, রঞ্জি ট্রফির মত প্রথম শ্রেণীর ক্রিকেটে ধারাবাহিক ভাল পারফর্ম করতে হবে। ধোনির কথায়, যদি কেউ ৩০ বছর বয়সে ফিট থাকে, তাহলে তাকে বাদ দেওয়ার কোন প্রশ্নই ওঠে না। কিন্তু যদি কেউ ২৫ বছর বয়সেও আনফিট থাকে, তাহলে তাকে নির্দ্বিধায় দল থেকে সরানো যেতে পারে।

বিশ্বকাপের বাকি প্রায় দেড় বছর। ভারতের পরবর্তী ওডিআই সিরিজেরও বাকি প্রায় চার মাস। তার মধ্যে ধোনির এই উক্তি নিঃসন্দেহে একটু হলেও স্বস্তি দিতে পারে রো-কোকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *