জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে আমির খান, গায়কের সঙ্গে কী কী কথা হল? - Bengali News | Bollywood actor aamir khan at arijit singh home at murshidabad - 24 Ghanta Bangla News
Home

জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে আমির খান, গায়কের সঙ্গে কী কী কথা হল? – Bengali News | Bollywood actor aamir khan at arijit singh home at murshidabad

Spread the love

ধূসর রঙের টিশার্টের ওপর, পরনে কালো লেদার জ্যাকেট। জলপাই রঙের ট্রাইজার। চোখে কালো মোটা ফ্রেমের চশমা। জেল দিয়ে চুলে ব্যাকব্রাশ। এক মুখ হাসি নিয়ে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে হাজির বলিউড পারফেকশনিস্ট আমির খান। হ্য়াঁ, রবিবার রাতেই মুর্শিদাবাদে পৌঁছে, সোমবার সকাল থেকে অরিজিৎ সিংয়ের বাড়ি উত্তরণেই রয়েছেন তিনি। অরিজিতের বাড়িতে কেন এসেছেন আমির? অরিজিতের মান ভাঙাতে? নাকি নতুন কিছু প্ল্যান করেছেন বলিউড খানজাদা!

গত সপ্তাহে সমাজমাধ্যমে প্লেব্যাক থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে সঙ্গীতজগতে ভূমিকম্প ঘটিয়ে দিয়েছিলেন অরিজিৎ সিং। লবি রাজনীতি না কি প্রত্যক্ষ রাজনীতিতে যোগ— অরিজিতের এই সিদ্ধান্তের পেছনে কারণ কী, তা নিয়ে যখন হাজারো তত্ত্ব ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই সরাসরি অরিজিতের দরজায় কড়া নাড়লেন আমির খান।

সূত্রের খবর, রবিবার রাতেই কড়া নিরাপত্তার মধ্যে কলকাতায় পা রাখেন আমির খান। সেখান থেকে কোনো প্রচার ছাড়াই সোজা সড়কপথে পৌঁছে যান মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। অরিজিতের বাড়িতে তাঁদের এই সাক্ষাৎকে ঘিরে তৈরি হয়েছে প্রবল কৌতূহল। যদিও দুই তারকার পক্ষ থেকেই এই বৈঠক নিয়ে মুখে কুলুপ আঁটা হয়েছে, তবে ওয়াকিবহাল মহলের ধারণা, অরিজিতের মতো একজন বিরল প্রতিভাকে পুনরায় রেকর্ডিং স্টুডিওতে ফিরিয়ে আনতেই এই ঝটিকা সফর আমিরের।

আমির খান এবং অরিজিৎ সিংয়ের সম্পর্কের গভীরতা নতুন কিছু নয়। ‘দঙ্গল’ ছবির সময় থেকেই তাঁদের বন্ধুত্বের শুরু। আমিরের ছবিতে অরিজিতের গাওয়া ‘গিলহরিয়াঁ’ বা ‘তেরে হাওয়ালে’-র মতো গানগুলি চিরকালীন জনপ্রিয়তা পেয়েছে। শোনা যায়, আমির তাঁর ছবির গানের ব্যাপারে অরিজিতের ওপর অন্ধবিশ্বাস রাখেন। দাবার প্রতি ভালোবাসা এবং সমাজসেবার মানসিকতাও এই দুই প্রচারবিমুখ তারকাকে কাছাকাছি এনেছে।

শোনা যাচ্ছিল, আমিরের পরবর্তী বড় প্রজেক্টে অরিজিতের একটি বিশেষ গান গাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই অবসরের ঘোষণা সব হিসাব ওলটপালট করে দেয়। ইন্ডাস্ট্রির একটি সূত্রের দাবি: “আমির খান বিশ্বাস করেন অরিজিতের এখনও অনেক কিছু দেওয়ার বাকি আছে। সম্ভবত সেই কারণেই ব্যক্তিগত উদ্যোগে তিনি মুর্শিদাবাদে গিয়েছেন অরিজিতের মান ভাঙাতে এবং নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করতে।”

এখন প্রশ্ন হলো, খোদ আমির খানের অনুরোধ কি ফেরাতে পারবেন জিয়াগঞ্জের ভূমিপুত্র? নাকি এই সাক্ষাতের পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো চমক? উত্তর পেতে আপাতত চাতক পাখির মতো চেয়ে আছেন লক্ষ লক্ষ অনুরাগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *