Nandigram: এবার শুধু ট্রাঙ্ক নয়, বাপ-দাদার কবরের মাটিও তুলে আনলেন শাহিদ – Bengali News | One person brought not only the trunk, but also the soil from his father’s and grandfather’s graves in purba medinipur
নন্দীগ্রাম: যত কাণ্ড যেন নন্দীগ্রামে। গত দু’দিন আগে দেখা গিয়েছিল নন্দীগ্রামের কেন্দ্যেমারি গ্রাম পঞ্চায়েতে SIR ক্যাম্পে কাগজ ভর্তি ট্রাঙ্ক নিয়ে হাজির হয়েছিলেন এক ব্যক্তি। আর এখানে দেখা গেল শুধু কাগজ ভর্তি ট্রাঙ্ক নয়, সঙ্গে বাপ-দাদার কবরের মাটিও তুলে এনেছেন। সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নয়নান ছয়ঘড়ি গ্রামের ১৯৩ নম্বর বুথের বাসিন্দা শেখ শাহিদ নামের এক ব্যক্তিকে ট্রাঙ্ক মাথায় করে দাউদপুর গ্রাম পঞ্চায়েতের SIR ক্যাম্পে ঢোকেন। সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। তার সত্যতা যাচাই করেনি টিভি ৯ বাংলা। তিনি দাবি করছেন, এই ট্রাঙ্কের মধ্যে সমস্ত কাগজপত্র এনেছেন। তার সঙ্গে বাপ-দাদার কবরের মাটিও এনেছেন। আসলে এসআইআর প্রক্রিয়ায় ২০০২ সালের ভোটার লিস্টের নাম থাকলেও বর্তমানে নতুন লিস্টে ইংরেজি নামের বানান ভুলের কারণে প্রচুর মানুষকে শুনানিতে ডাকা হচ্ছে। তবে তারা কেউই জানেন না, এই হেয়ারিং প্রক্রিয়ায় তাঁদের নাম আদপে নতুন ভোটার লিস্টে থাকবে কি না। এ নিয়ে জল্পনা চলছে।
যদিও, বিষয়টিকে কটাক্ষ করেছে বিজেপি। পদ্মশিবিরের দাবি, এই সমস্ত মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল সমাজ মাধ্যমে টিকে থাকার জন্য এই সমস্ত করাচ্ছে। যদিও, এসআইআর প্রক্রিয়ায় ত্রুটি এবং সাধারণ মানুষকে দিনের পর দিন হয়রানি করানো হচ্ছে। আর সেই হয়রানি সহ্য করতে না পেরে সাধারণ মানুষ এভাবে প্রতিবাদ জানাচ্ছেন দাবি তৃণমূল কংগ্রেসের।