Birbhum Police: ডেপুটি পুলিশ সুপারকেই ‘ক্রিমিনাল’ বলে বসলেন ASI, ভাইরাল অডিয়োতে বিস্ফোরক অভিযোগ – Bengali News | ASI Rajkumar Das’s viral audio, allegation against Birbhum DSP, called him criminal
বীরভূম: কথায় কথায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন বিরোধীরা। সৌগত রায়ের মতো শাসক দলের নেতাও পুলিশের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। আর এবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ খোদ পুলিশেরই। ‘পুলিশের গোষ্ঠীদ্বন্দ্ব’ বলে আখ্যা দিচ্ছেন বিরোধীরা। বীরভূমের সিউড়ি থানার এএসআই রাজকুমার দাসের অডিয়ো ঘিরে তোলপাড় জেলা। পুলিশের উচ্চপদস্থ অফিসারের বিরুদ্ধেই প্রকাশ্য়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
এএসআই রাজকুমার দাস তাঁর ফেসবুকে একটি অডিয়ো পোস্ট করেছেন। সেখানে সরাসরি বীরভূমের ডেপুটি পুলিশ সুপারের বিরুদ্ধে কথা বলতে শোনা যাচ্ছে তাঁকে। ভাইরাল হয়ে গিয়েছে সেই অডিয়ো। সেখানে তিনি বলছেন, “আমাদের ট্রান্সফার করে আমাদের সর্বনাশ করে ডিএসপি আসলে এসপি সাহেবের কাছে ভাল থাকছেন। ডিএসপি-র র মতো আর কোনও ক্রিমিনাল নেই। যদি প্রমাণ চান, তাহলে আমি সব প্রমাণ দিয়ে দেব।”
ওই এএসআই-এর দাবি, ডিএসপি পুলিশ সুপারকে ভুল বুঝিয়েছেন। রাজকুমারের আরও অভিযোগ, যেদিন শতাব্দী রায় জুতো খেয়েছিলেন, সেদিন ডিএসপি ছিলেন। তিনি আরও বলেন, “পুরো দোষ ওঁর। যদি কারও পানিশমেন্ট হওয়ার কথা থাকে, তাহলে সেটা একমাত্র ডিএসপি-র, আর কারও নয়।”
বিজেপির দাবি, ডিএসপি কুণাল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে যা অভিযোগ উঠছে, তা সত্যি। বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সহ সভাপতি দীপক দাস বলেন, “শতাব্দী রায়ের গাড়িতে যেভাবে জুতো মারা হয়েছে, সেটা কোনও ভাবেই সমর্থনযোগ্য় নয়। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ঘটেছিল। রাজকুমার দাস যেটা বলেছিল, সেটা খুব একটা ভুল নয়। পুলিশের নোংরামি কোনওভাবেই বরদাস্ত করা উচিত নয়। ক্রিমিনাল কি না বলতে পারব না, তবে কুণাল মুখোপাধ্যায়ের যে মদত ছিল, তা অস্বীকার করা যায় না।”