'হাউহাউ করে কাঁদতাম', কেন বললেন প্রসেনজিত্‍ ? - Bengali News | Prosenjit Chatterjee talks about international men's day - 24 Ghanta Bangla News
Home

‘হাউহাউ করে কাঁদতাম’, কেন বললেন প্রসেনজিত্‍ ? – Bengali News | Prosenjit Chatterjee talks about international men’s day

Spread the love

একজন আদর্শ পুরুষ কেমন হবেন? পুরুষদের কি কাঁদতে নেই ? এই প্রশ্নের উত্তরে প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় সম্প্রতি বললেন, ”পুরুষদের কাঁদতে নেই, এই কথাটায় আমি বিশ্বাস করি না। ছোটবেলা থেকে আমি আবেগপ্রবণ। আমাকে কোনও কথা বললেন, আমার আবেগে আঘাত লাগলে, হাউহাউ করে কেঁদে ফেলতাম। এটা ইন্ডাস্ট্রির সকলে জানেন। আমার পরিচালকরা বকা দিলেও, কেঁদে ফেলতাম। পরবর্তীকালে, আমার কোনও ছবি হিট হওয়ার কথা ছিল, কিন্তু ফ্লপ হয়ে গেলে, আমার প্রযোজক-পরিচালকরা দেখেছেন, আমি তাঁদের কোলে শুয়ে কাঁদছি।”

সুপারস্টার যোগ করেন, ”আমি বাচ্চাদের মতো ইমোশনাল। আমাকে কেউ বকাবকি করলে, নিতে পারি না। তবে ছেলেদের একটা দায়িত্ব থাকে বলে হয়তো, কান্নাটা তাঁরা প্রকাশ্যে আনতে পারেন না। বা কষ্টটাকে প্রকাশ্যে আনতে পারেন না। কারণ অনেকেই তাঁদের দিকে তাকিয়ে থাকেন। তবে আমাকে আমার মতো থাকতে দাও ব্যাপারটা তো আছেই।”

সম্প্রতি শহরে সেলিব্রেট করা হলো আন্তর্জাতিক পুরুষ দিবস। তা নিয়ে কী বার্তা দেবেন ? ”আমি বার্তা দেওয়ার কেউ নই। তবু বলব, পুরুষদের একটা দায়িত্ব আছে। শুধু পরিবারের প্রতি নয়, নিজের প্রতি, সমাজের প্রতি। এটাই বলব, ভালোবাসা উদযাপন করুন। মানুষকে ভালোবাসা দিন, মানুষের থেকে ভালোবাসা নিন, যেটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে শান্তি বজায় রাখা অত্যন্ত জরুরি।”

পুরুষদের জন্য এই বিশেষ দিনটা উদযাপনের পাশাপাশি বিভিন্ন ছবির কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত টলিউডের এই তারকা। দুর্গাপুজোতে মুক্তি পেয়েছিল ‘দেবী চৌধুরাণী’। নতুন বছরে ২৩শে জানুয়ারি মুক্তি পাবে প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় অভিনীত কাকাবাবু সিরিজের তৃতীয় ছবি। চন্দ্রাশিস রায়ের পরিচালনায় আসছে ‘বিজয়নগরের হীরে’।  ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ প্রসেনজিত্‍ নজর কেড়ে নিয়েছেন এই বছর। খুবই বেছে কাজ করছেন তিনি। তবে সামনের বছর একের বেশি বাংলা ছবিতে দেখা যাবে সুপারস্টারকে, তেমনই আশা করছেন অনুরাগীরা। কোন হিন্দি ছবি বা ওয়েব সিরিজে তাঁকে দেখা যাবে, সেটাও জানার অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *