ED raids: সাতসকালে রাজ্যের ২৫ জায়গায় তল্লাশি, কী খুঁজছে ED? – Bengali News | ED conducts raids in several areas of West Bengal
চন্দ্রশেখর চট্টোপাধ্যায়
কলকাতা: রাজ্যের একাধিক জায়গায় ফের তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের(ED)। শুক্রবার সকাল থেকে একসঙ্গে রাজ্যের ২৫টি জায়গায় তল্লাশি শুরু করেছেন ইডি আধিকারিকরা। কলকাতা-সহ পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুরে তল্লাশি চলছে। সূত্রের খবর, কয়লা পাচার সংক্রান্ত মামলায় এই তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে কয়লা মাফিয়ার বাড়িতেও চলছে তল্লাশি। ঝাড়খণ্ডের ধানবাদেরও একাধিক জায়গায় চলছে তল্লাশি।
এদিন সকালে সল্টলেকের দুটি জায়গায় পৌঁছে যান ইডি আধিকারিকরা। সল্টলেকে সেক্টর-২তে এক ব্যবসায়ীর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। ইডি আধিকারিকরা বাড়িতে ঢুকে তল্লাশি চালাতে শুরু করেন। সল্টলেকের একে ব্লকেও এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। হাওড়ার সলপ মোড়েও এক ব্যবসায়ীর বাড়িতে চলছে তল্লাশি।
কয়লা পাচার মামলায় তদন্ত চালাচ্ছে ইডি। সম্প্রতি সিবিআই আদালতে ইডি জানিয়েছিল, কয়লা পাচার মামলায় খুব শীঘ্রই সামনে আসবে প্রভাবশালীদের নাম। তারপরই এদিন রাজ্যের ২৫ জায়গায় একসঙ্গে হানা দিল ইডি।