Hooghly: নেই কোনও শেড, মাটিতেই পড়ে বৃষ্টিতে ভিজছে মৃতদেহ – Bengali News | There is no shed, bodies are lying on the ground soaked by the rain in Hooghly
হুগলি: অঝোরে বৃষ্টিতে ভিজছে শবদেহ। তার মধ্যেই চলছে সৎকারের ব্যবস্থা। ছাতা দিয়ে কোনও ভাবে বৃষ্টি আটকানোর ব্যর্থ চেষ্টা। বৈদ্যবাটি পুরসভার হাতিশালা ঘাটের এমনই ছবি ভাইরাল।
বিজেপির অভিযোগ, হাতিশালাঘাট সংস্কারের জন্য কোটি-কোটি টাকা স্যাংশন হয়েছে। অথচ কোনও সেট বানানো হয়নি। মৃতদেহ সৎকার করতে এসে চরম সমস্যায় পড়ছেন মানুষজন। মানুষের শেষ যাত্রাতেও শান্তি নেই শাসক তৃণমূলের জন্য। কাটমানি আর টাকা খাওয়ার সরকার এই সরকার, অভিযোগ বিজেপি সাধারন সম্পাদক হরি মিশ্রের।
এ দিকে, এই ঘটনা সামনে আসতেই বিকালে বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান হাতিশালা ঘাটে যান। পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। তিনি বলেন, “কেএমডি-এর প্রকল্পে দু কোটি নব্বই লক্ষ টাকায় হাতিশালা ঘাটের সংস্কারের কাজ চলছে। শবদেহ রাখার জন্য একটি ছোট জায়গা রয়েছে। মাঠে দাহ করার জন্য কিছু কাঠ এক জায়গায় জড়ো করা রয়েছে। সেটা সরাতে বলা হয়েছে। হঠাৎ করে বৃষ্টি এসে যাওয়ায় এরকম বিপত্তি দেখা দিয়েছে। আপাতত দুটি ঘর ব্যবস্থা করা হয়েছে দেহ রাখার জন্য। বিজেপির সব কিছুতেই রাজনীতি করা স্বভাব। তাই তারা ছবি তুলে এগুলো ছড়াচ্ছে।”