দিওয়ালিতে উপহার দেওয়াই হল কাল? চরম বিতর্কে অমিতাভ – Bengali News | Amitabh Bachchan Gifts Rs 10,000 To Staff On Diwali creates controversy
দিওয়ালির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চনের এক ভিডিয়ো ঘিরে বিতর্ক তুঙ্গে। যেখানে উল্লেখ করা হয়— বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন উৎসব উপলক্ষ্যে নিজের কর্মীদের হাতে তুলে দিয়েছেন নগদ অর্থ, সঙ্গে মিষ্টির বাক্স। সেই ভিডিয়ো ঘিরেই সোশ্যাল মিডিয়ায় এবার জোর বিতর্ক। অমিতাভের মুম্বইয়ের জুহু রেসিডেন্স ‘জলসা’-র বাইরে থেকে তোলা এই ক্লিপিং। এক কনটেন্ট ক্রিয়েটরকে দেখা যায় অমিতাভের বাড়ির সামনে দাঁড়িয়ে বলতে, “এখানে মিষ্টি বিতরণ করা হচ্ছে, এটা অমিতাভ বচ্চনের বাড়ি।” এরপর দেখা যায়, বাড়ির এক কর্মী জানাচ্ছেন যে তাঁরা ১০,০০০ টাকা নগদ ও একটি মিষ্টির বাক্স পেয়েছেন দিওয়ালি উপহার হিসেবে।
ভিডিয়োর ক্যাপশনে লেখা, “বলিউডের সবচেয়ে বড় অভিনেতা অমিতাভ বচ্চন দিওয়ালিতে কর্মী ও নিরাপত্তা রক্ষীদের ১০,০০০ টাকা নগদ ও মিষ্টির বাক্স উপহার দিয়েছেন।” তবে এই তথ্যের সত্যতা যাচাই করা হয়নি।
ভিডিয়ো প্রকাশ্যে আসতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় নেটমহলে। অনেকেই বিগ বি-র এই উদ্যোগের প্রশংসা করেছেন, বলেছেন—“অন্তত নিজের কর্মীদের কথা ভেবেছেন তিনি।” অন্যদিকে, অনেকে আবার উপহারের পরিমাণ নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন। এক নেটিজেন লিখেছেন, “মাত্র ১০,০০০ টাকা! এমন এক কিংবদন্তি অভিনেতার পক্ষে খুবই অল্প পরিমাণ।” অপর একজন মন্তব্য করেন, “তাঁদের পরিশ্রমের তুলনায় এটা মোটেও যথেষ্ট নয়।”
এই বিতর্কের মাঝেই কেউ কেউ আবার মনে করিয়ে দিয়েছেন, “অমিতাভ বচ্চন বছরের পর বছর ধরে অসংখ্য মানুষের পাশে থেকেছেন, তাই একটা ভিডিয়ো দেখে বিচার করা উচিত নয়।” তবে সব মিলিয়ে, এই ছোট্ট দিওয়ালি উপহারই এখন বড় বিতর্কের জন্ম দিয়েছে বলিউড মহলে ও নেটদুনিয়ায়।