Bankura: SIR-এর বিজ্ঞপ্তির পরই ক্যাফেগুলোতে উপচে পড়া ভিড়

বাঁকুড়া: নির্বাচন কমিশনের তরফে আর কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হতে পারে SIR-এর বিজ্ঞপ্তি। তার আগে নিজেদের তথ্য ও প্রয়োজনীয় নথি যাচাই করে নিতে বাঁকুড়ার সাইবার কাফে ও অনলাইন সেন্টারগুলিতে উপচে পড়ছে সাধারণ মানুষের ভিড়। প্রয়োজনীয় নথি নিয়েও রয়েছে বিভ্রান্তিও । অনেকেই ২০০২ এর ভোটার লিস্টের প্রতিলিপি বের করে যাচাই করে নিচ্ছেন সেখানে নিজেদের বা পরিবারের অন্যান্যদের নাম রয়েছে কিনা। অনেকেই ভোটার কার্ড বা আধার কার্ড নতুন করে ডাউনলোড করে রাখছেন নিজের কাছে।
বাংলায় ৭.৬৫ কোটি ভোটার রয়েছেন। সেক্ষেত্রে এই এনুমারেশন ফর্ম ছাপানো হবে প্রায় ১৫ কোটির বেশি। সেই ছাপানো ফর্ম নিয়ে BLO-রা ভোটারদের বাড়ি বাড়ি যাবেন। সেই তালিকায় যদি ২০০২ সালে কিংবা এখনকার ভোটার লিস্টে থাকে, সেখানে সমস্ত তথ্য ছাপানোই থাকবে। কয়েকটা ঘর ফাঁকা থাকবে। যেমন ভোটারের এপিক নম্বর, নাম, ঠিকানা, জন্মতারিখ-সহ ৯০ শতাংশ তথ্য ছাপানোই থাকবে। ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথি-সহ জমা দিতে হবে। একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে। অপর ফর্মটি BLO নিয়ে যাবেন।
বুদ্ধদেব চৌনি নামে বয়স্ক এক ব্যক্তি বললেন, “আমি আসলে দেখে নিতে চাইছি, সব ঠিক রয়েছে কিনা, এটা তো একটা ভবিষ্যতের ব্যাপার। একটা চিন্তার ব্যাপার তো বটেই।” অন্যদিকে, বছর তিরিশের জগবন্ধু পাহাড়ি বললেন, “আমি দেখতে এসেছি, ২০০২ সালের ভোটার তালিকায় আমার বাবা-মায়ের নাম রয়েছে কিনা, তখন তো আমি ভোট দিইনি, আমার বয়স হয়নি। বাবা মায়ের নামটা থাকলেই নিশ্চিন্ত। তালিকা দেখে ডাউনলোড করে রাখলাম।”