Suvendu Adhikari: ‘অনুপ্রবেশকারীদের তাড়াবই’, মহিলাদের হাতে ‘খড়্গ’ তুলে নেওয়ার পরামর্শ শুভেন্দুর – Bengali News | ‘We will drive away infiltrators’, says BJP MLA Suvendu Adhikari
পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামেও অনুপ্রবেশকারীর নাম ভোটার লিস্টে উঠেছে। ২ দিন আগেই এই অভিযোগ তুলে তিনি সরব হয়েছিলেন। এবার অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া হুঁশিয়ারি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলে দিলেন, ‘অনুপ্রবেশকারীদের তাড়াবই। কোনও অনুপ্রবেশকারীকে আমাদের দেশে রাখব না।’ গতকাল পূর্ব মেদিনীপুরের নিউ দিঘায় একটি অনুষ্ঠানে রাজ্যে নারী সুরক্ষা নিয়েও সরব হন তিনি। মহিলাদের হাতে ‘খড়্গ’ তুলে নেওয়ার পরামর্শ দিলেন।
মঙ্গলবার নিউ দিঘার একটি ব্যবসায়ী সংগঠনের কালীপুজো উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুপ্রবেশকারী এবং নারী সুরক্ষা নিয়ে কড়া বার্তা দেন শুভেন্দু। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, “অনুপ্রবেশকারীদের এদেশে রাখা হবে না। এবং নারী সুরক্ষার জন্য তাদের দেশ থেকে তাড়ানো হবেই।” বিরোধী দলনেতার দাবি, অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের জন্য এ দেশে অশান্তি, খুন, ধর্ষণ, ভোটলুঠের ঘটনা বাড়ছে। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “এই অনুপ্রবেশের ফলে আপনার, আমার বাড়ির ছোট ছোট মেয়েরাও আজ নিরাপদ নয়। তাই নারী সুরক্ষার জন্য অনুপ্রবেশকারীদের আমরা তাড়াবই।”
অনুপ্রবেশকারী এবং শরণার্থীর মধ্যে পার্থক্য স্পষ্ট করে শুভেন্দু বলেন, “যারা সীমানা পেরিয়ে এদেশে এসেছে তারা অনুপ্রবেশকারী। আর যে সব হিন্দু অত্যাচারিত হয়ে সীমানা পেরিয়ে অন্য দেশ থেকে এ দেশে এসেছেন, তাঁরা শরণার্থী। তাঁরা এ দেশে থাকবেন। তাঁদের কোনও সমস্যা হবে না।” একইসঙ্গে তিনি বলেন, “ভারতীয়দের প্রতি আমার বিদ্বেষ নেই। তিনি হিন্দু, মুসলিম, জৈন যেই হোন না কেন।”
নারী সুরক্ষার প্রশ্নে বিধানসভার বিরোধী দলনেতা বলেন, “আমার মাটি, আমার দেশ, ধর্ষকদের করব শেষ। সমস্ত মহিলার মধ্যে আমরা দেবী দুর্গার মুখ দেখি। আমি দেবী দুর্গা ও মা কালীর কাছে প্রার্থনা করেছি। দুর্গার ত্রিশূল ও কালীর খড়্গ রাখতে হবে। মেয়েদের উপর অত্যাচার হলে খড়্গ নিয়ে শাস্তি দিক।” একইসঙ্গে তিনি মহিলাদের নিজেদের সুরক্ষার তাগিদে প্রতীকী অর্থে ‘খড়্গ’ হাতে তুলে নেওয়ার পরামর্শও দেন।
কালীর খড়্গ হাতে তুলে নেওয়া নিয়ে তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, “মায়ের খড়গ একজনের হাতেই রয়েছে। তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তাঁর হাতেই খড়্গ মানায়। আর কারও হাতে মানায় না।”