Birbhum: বাইক ধাক্কা দিতেই পড়ে গেলেন স্বর্ণব্যবসায়ী, উঠে দেখলেন ৫০ লক্ষ টাকার সোনা গায়েব - Bengali News | Two criminals snatch gold jewellery worth Rs 50 lakh from a man in Birbhum - 24 Ghanta Bangla News
Home

Birbhum: বাইক ধাক্কা দিতেই পড়ে গেলেন স্বর্ণব্যবসায়ী, উঠে দেখলেন ৫০ লক্ষ টাকার সোনা গায়েব – Bengali News | Two criminals snatch gold jewellery worth Rs 50 lakh from a man in Birbhum

Spread the love

কী বলছেন স্বর্ণব্যবসায়ী?Image Credit: TV9 Bangla

বীরভূম: স্বর্ণব্যবসায়ীকে ধাক্কা মেরে ফেলে দিয়ে প্রায় ৫০ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে পালাল দুষ্কৃতীরা। বুধবার সাতসকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়িতে। এভাবে গয়না ছিনতাইয়ে হতবাক কৃষ্ণ পাত্র নামে ওই ব্যবসায়ী। সিউড়ি থানাতে অভিযোগ দায়ের করেছেন তিনি। দুই দুষ্কৃতীর ছবি ধরা পড়েছে রাস্তার পাশে থাকা সিসিটিভিতে। পুলিশ জানিয়েছে, দ্রুত ওই সোনার গয়না উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

সিউড়ির করিধ্যা গ্রামের বাসিন্দা কৃষ্ণ পাত্র। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে তাঁর সোনার দোকান রয়েছে। প্রতিদিন দোকান থেকে সোনার গয়না বাড়িতে নিয়ে যান। আর সকালে দোকানে আসার সময় গয়নাগুলি নিয়ে আসেন। সেইমতো এদিন সকালেও বাড়ি থেকে সোনার গয়না নিয়ে দোকানে আসছিলেন।

কৃষ্ণ পাত্র বলেন, “এদিন সকালে বাড়ি থেকে সোনার গয়না ব্যাগে নিয়ে আসছিলাম। প্রায় ৫০ লক্ষ টাকার সোনার গয়না ছিল। এর পাশাপাশি নগদ আরও দেড় লক্ষ টাকা ছিল ব্যাগে।” রাস্তায় একটি ক্লাবের সামনে উল্টো দিক থেকে দুই যুবক একটি বাইকে এসে তাঁকে ধাক্কা মারেন। তিনি পড়ে যান। এভাবে উল্টোদিক থেকে বাইকে করে এসে তাঁকে ধাক্কা মারায় হতবাক হয়ে যান তিনি। হাতে তিনি আঘাত পান। কোনওরকমে উঠে দেখেন তাঁর ব্যাগটি নেই। বাইক আরোহীরা তাঁর ব্যাগ নিয়ে চম্পট দিয়েছে। তিনি বুঝতে পারেন, তাঁর ব্যাগ ছিনতাইয়ের জন্যই এভাবে উল্টোদিক থেকে এসে ধাক্কা মারা হয়েছিল। সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

রাস্তায় সিসিটিভি খতিয়ে দেখে তদন্তে নেমেছে পুলিশ। বীরভূমের পুলিশ সুপার আমনদীপ বলেন, “থানা ও হেড কোয়ার্টার্স মিলিয়ে একটি টিম তৈরি করা হচ্ছে। যত দ্রুত সম্ভব ছিনতাই হওয়া সোনার গয়না উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।”

সাতসকালে এরকম ছিনতাইয়ের ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানালেন। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এই ঘটনায় জড়িতরা নিশ্চিতভাবেই কৃষ্ণ পালকে বেশ কিছুদিন ধরেই ফলো করছিল। তিনি যে সকালে গয়না নিয়ে বাড়ি থেকে দোকানে আসেন, তা তারা নজরে রেখেছিল। না এলে এভাবে ছিনতাই সম্ভব নয় বলে তাঁরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *