সল্টলেকে ডেঙ্গির বলি নবম শ্রেণির ছাত্রী, আক্রান্ত কিশোরীর ঠাকুমাও - 24 Ghanta Bangla News
Home

সল্টলেকে ডেঙ্গির বলি নবম শ্রেণির ছাত্রী, আক্রান্ত কিশোরীর ঠাকুমাও

Spread the love

সল্টলেকের ইএসআই হাউসিং কমপ্লেক্সে নেমেছে শোকের ছায়া। ডেঙ্গি আক্রান্ত হয়ে প্রাণ হারাল নবম শ্রেণির এক ছাত্রী। মৃত ছাত্রীর নাম রূপসী জানা, বয়স ১৫ বছর। চিকিৎসকের দেওয়া ডেথ সার্টিফিকেট স্পষ্ট উল্লেখ রয়েছে মৃত্যুর কারণ ডেঙ্গি সংক্রমণ। বিধাননগর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিল রূপসী ও তাঁর পরিবার।

আরও পড়ুন: বিসর্জনের পরেই ডেঙ্গি রুখতে তৎপর পুরসভা, ঘাট পরিদর্শনে মেয়র ফিরহাদ হাকিম

পরিবার সূত্রে জানা গিয়েছে, ২৫ সেপ্টেম্বর জ্বরে আক্রান্ত হয় রূপসী। প্রথম দফায় রক্ত পরীক্ষায় ডেঙ্গির কোনও লক্ষণ ধরা না পড়লেও জ্বর কমেনি। সপ্তমীর দিন মেয়ের শারীরিক অবস্থা হঠাৎই খারাপ হতে শুরু করে। পরিবারের উদ্বেগ বাড়ে, তাই ফের রক্ত পরীক্ষা করা হয়। দ্বিতীয় রিপোর্টে ডেঙ্গি পজিটিভ আসে। এরপরই ২ অক্টোবর, অর্থাৎ দশমীর দিন, রূপসীকে দ্রুত বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। রবিবার সকালে মৃত্যু হয় কিশোরীর।

জানা যাচ্ছে, পরিবারের আরও এক সদস্যও আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে। জানা গিয়েছে, রূপসীর ঠাকুমাও ডেঙ্গুতে সংক্রমিত। যদিও তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গেছে। একই পরিবারের দুই সদস্যের ডেঙ্গি সংক্রমণের খবরে আতঙ্ক ছড়িয়েছে গোটা আবাসনে। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, এলাকাজুড়ে নিয়মিত নোংরা জল জমে থাকে, মশার উপদ্রবও কম নয়। বিধাননগর পুরসভার পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত এই পুর এলাকায় ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ২২৮-এ পৌঁছেছে। পুর প্রশাসনের দাবি, প্রায় সারাবছরই নিয়মিত সাফাই অভিযান ও লার্ভা ধ্বংসের কাজ চলছে। তবে নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি নিজেদের আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *