পুজোয় বাইকবাজদের দৌরাত্ম্য, ট্র্যাফিক আইন ভাঙায় ৬,০০০ জনকে জরিমানা
মহালয়া পেরিয়ে প্রতিমা দর্শনের দিন যত ঘনিয়েছে, ততই শহরের রাস্তায় বেড়েছে মানুষের ঢল। দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ থেকে শুরু করে চেতলা অগ্রণী, আবার উত্তরে কাশী বোস লেন কিংবা টালা প্রত্যয় সব জায়গায় উপচে পড়েছে ভিড়। কিন্তু প্রতিবারের মতো এবারের দুর্গোৎসবেও শহরের রাস্তায় ব্যাপকভাবে মাথাচাড়া দিয়েছে বাইক আরোহীদের দৌরাত্ম্য।
আরও পড়ুন: বিসর্জন উপলক্ষে ঘাটে ঘাটে কড়া নজরদারি, প্রস্তুত কলকাতা পুরসভা ও পুলিশ
দু’জনের জায়গায় তিন থেকে চারজন একসঙ্গে বাইকে চড়া, হেলমেট ছাড়া ঘোরা কিংবা গভীর রাতে বাইপাস থেকে বিটি রোডে রেসিং সবই চলেছে খোলাখুলি। ফলে শেষ পর্যন্ত কঠোর পদক্ষেপ নিতে হয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশকে। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী চতুর্থী থেকে অষ্টমী পর্যন্ত মোট ৬,২৮৪ জন ট্র্যাফিক আইন ভঙ্গের অভিযোগে জরিমানা করা হয়েছে। শুধু ট্রিপল রাইডিংয়ের অভিযোগেই কেস হয়েছে ১,২৪০ জনের বিরুদ্ধে। হেলমেট ছাড়া বাইক চালাতে গিয়ে জরিমানার মুখে পড়েছেন ৩,২৩১ জন।
এছাড়াও, বেপরোয়া বাইক চালানোর অভিযোগে কেস হয়েছে ৫৬৮ জনের নামে। মদ্যপ অবস্থায় বাইক চালানোর জন্য ধরা পড়েছেন ৫০৪ জন। এছাড়াও নানা ট্র্যাফিক আইন ভাঙায় আরও ৭৪১ জনকে জরিমানা করা হয়েছে। উশৃঙ্খল আচরণের কারণে গ্রেফতার হয়েছেন ৩৪৮ জন। কলকাতার নানা প্রান্তে রাতভর বাইকবাজদের বেপরোয়া দৌরাত্ম্য চললেও, পুলিশি নজরদারি সত্ত্বেও অনেকেই আইনভঙ্গ করে রাস্তায় ঘোরাফেরা করেছেন। পুলিশ জানিয়েছে, পুজোয় বাড়তি নজরদারি চালানো হলেও প্রত্যেককে ধরা সম্ভব হয়নি। তবে যাঁরা ধরা পড়েছেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।