Muhammad Yunus: ‘ভারতের সঙ্গে সমস্যা আছে’, রাখঢাক না রেখেই এবার সত্যিটা বলে ফেললেন ইউনূস – Bengali News | Bangladesh Interim Chief Muhammad Yunus Says Bangladesh Has Problem with India
নিউ ইয়র্ক: ইউনূস জমানায় ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে। এ কথা সকলেরই জানা। এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস নিজেও সে কথা স্বীকার করে নিলেন। নিউইয়র্কে একটি অনুষ্ঠানে তিনি শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়া নিয়েও বড় মন্তব্য করেন।
এশিয়া সোসাইটি ও এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মহম্মদ ইউনূস। আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা নিয়ে কথা বলেন তিনি। পরিচয় করিয়ে দেন জাতীয় নাগরিক পার্টির সচিব আখতার হোসেন ও তাসনিম জারার সঙ্গে।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, আঞ্চলিক সহযোগিতা নিয়ে কথা বলতে গিয়েই ভারতের প্রসঙ্গ টেনে আনেন মহম্মদ ইউনূস। তিনি বলেন, “এই ধরনের সহযোগিতার মাধ্যমে আমাদের সবাই উপকৃত হই। তাই আমি বলেছি, আমাদের আঞ্চলিক অর্থনীতি নিয়ে ভাবা উচিত। এটাই আমাদের করা উচিত। এখন ভারতের সঙ্গে আমাদের সমস্যা চলছে। কারণ, ছাত্ররা যেটা করেছে, সেটা তারা পছন্দ করেনি।”
এরপরই তিনি বলেন যে ভারত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, যিনি সব সমস্যা তৈরি করেছেন, তরুণদের হত্যা করেছেন। ইউনূস বলেন, “এটাই ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে। তা ছাড়া অপর পক্ষ (ভারত) থেকে ভুয়ো খবরও আসছে। এটা খুব খারাপ বিষয়।”
সার্কের পুরো ধারণা বাংলাদেশে তৈরি হয়েছে বলেই দাবি করেন ইউনূস। তিনি বলেন, সার্ক একটি পরিবারের মতো, যার মূল ভাবনা ছিল দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একত্র করা।