Durga Puja Weather Update: চতুর্থী তো শুধু ‘ট্রেলার’ ছিল, আজই তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ! দুর্গাপুজোয় কোন কোন দিন বৃষ্টি হবে, বলে দিল হাওয়া অফিস – Bengali News | West Bengal and Kolkata Weather Report for 26 September 2025, More Rain in Durga Puja due to Intense Depression over Bay of Bengal
কমলেশ চৌধুরী ও সৌভিক সরকারের রিপোর্ট
কলকাতা: চতুর্থীতেই বৃষ্টির শুরু। গোটা পুজোটাই ঠাকুর দেখতে হবে ছাতা, রেনকোট নিয়ে। দুর্গাপুজোর মুখে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ (Depression)। আর এই নিম্নচাপের প্রভাবে পুজোয় রোজই বৃষ্টির (Rain in Durga Puja) পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ তৈরি হয়েছে, তা আজই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। নিম্নচাপটি ওড়িশা-অন্ধ্র প্রদেশের দিকে সরলেও বৃষ্টি বাড়বে বাংলায়। পঞ্চমীতে দক্ষিণের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। আবহাওয়া অফিস বলছে, কলকাতা-সহ গোটা বাংলা জুড়েই পুজোয় মাঝেমধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে। উপকূলে সর্বোচ্চ ৬৫ কিমি/ঘণ্টা বেগে দমকা বাতাস বইবে। এই সময়ে উত্তাল হবে সমুদ্র। তাই মৎস্যজীবীদের পুজোর মধ্যে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আজ, চতুর্থীতে কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আজ সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৬৫ শতাংশ।
আজ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণায় হলুদ সতর্কতা জারি হয়েছে। হলুদ সতর্কতা জারি হয়েছে বাঁকুড়াতেও। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাসও বইতে পারে। ২৭ সেপ্টেম্বর, শনিবার ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রামে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২৭ সেপ্টেম্বর, শনিবার অর্থাৎ পঞ্চমীতে বৃষ্টি বাড়তে পারে গোটা উত্তরবঙ্গে। সঙ্গে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও।