Panskura: পাঁশকুড়ায় যাচ্ছে জাতীয় মহিলা কমিশন, বাড়ছে রাজনৈতিক চাপানউতোর – Bengali News | National Commission for Women team will visit Panskura over allegation of physical harassed in Panskura government hospital
চলতি সপ্তাহেই পাঁশকুড়া যাচ্ছে জাতীয় মহিলা কমিশনImage Credit: TV9 Bangla
পাঁশকুড়া: পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ওয়ার্ড গার্লকে ধর্ষণের অভিযোগ ঘিরে বাড়ছে চাপানউতোর। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। মঙ্গলবার তাঁকে তমলুক আদালতে তোলা হলে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। সরব হয়েছেন ওই হাসপাতালের নিরাপত্তারক্ষীরা। আবার ঘটনার প্রতিবাদে ১৮ সেপ্টেম্বর ১২ ঘণ্টা পাঁশকুড়া বনধের ডাক দিয়েছে এসইউসিআই। চলতি সপ্তাহে পাঁশকুড়া যাচ্ছে জাতীয় মহিলা কমিশনও।
গতকাল ওই সরকারি হাসপাতালে ওয়ার্ড গার্লকে ধর্ষণের অভিযোগ সামনে আসে। একটি বেসরকারি সংস্থার অধীনে সরকারি ওই হাসপাতালে ওয়ার্ড গার্ল হিসেবে কাজ করতেন তমলুক থানার অন্তর্গত এলাকার এক তরুণী। তাঁর দাবি, ওই কোম্পানির ফেসিলিটি ম্যানেজার (যিনি পাঁশকুড়া হাসপাতালে কর্মরত ছিলেন) হাসপাতালের ভিতরেই একাধিকবার তাঁকে ধর্ষণ করেন। এই ঘটনা বাইরে না আনার জন্য একাধিকবার তাঁকে হুমকি দেন বলেও অভিযোগ। এরপর সোমবার পাঁশকুড়া থানায় ওই তরুণী লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনাটি সামনে আসার পরই শোরগোল পড়েছে। এদিন ওই হাসপাতালে যান তিলোত্তমা মঞ্চের ৮ সদস্যের এক প্রতিনিধি দল। ওই কোম্পানির অস্থায়ী কর্মীদের সঙ্গে প্রতিনিধি দলের সদস্যরা কথা বলেন। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিন দুপুরে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা তৃণমূল সভাপতি, পৌরসভার চেয়ারপার্সন সহ জনপ্রতিনিধিরা হাসপাতালে যান। কথা বলেন সুপারের সঙ্গে। এদিনই আবার বিজেপির প্রতিনিধিরা হাসপাতালে আসেন। তাঁরাও সুপারের সঙ্গে কথা বলেন। দুই রাজনৈতিক দলই ঘটনায় কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে।
এদিকে জাতীয় মহিলা কমিশনও পাঁশকুড়া যাচ্ছে। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার বলেন, “নির্যাতিতা আমাদের কাছে অভিযোগ করেছেন। এখন সবাই জেনে গিয়েছেন, পশ্চিমবঙ্গে যা চলছে, তাতে আমাদের কাছে অভিযোগ জানিয়ে কেস না করলে কোনও বিচার হয় না। চলতি সপ্তাহেই আমরা পাঁশকুড়া যাচ্ছি। মহালয়ার আগেই যাচ্ছি।”