Donald Trump: ‘সময়, টাকা সব নষ্ট যাবে…’, রুশ-চিনকে ঘিরতে NATO দেশগুলিকে ‘শাঁসানি’ চিঠি ট্রাম্পের – Bengali News | Trump Lobbies Nato to Sanction Russia, Hits China With 50 Percent Tariffs
পুতিন-ট্রাম্প-শি জিনপিং (বাঁদিক থেকে)Image Credit: PTI
নয়াদিল্লি: ভারতের পরে চিনও। এবার একই জালে বেজিংকে ফেলতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তাঁরই একটি চিঠি ঘিরে সরগরম হল বিশ্ব রাজনীতি। কিন্তু এই চিঠি কাকে পাঠালেন তিনি? পাঠালেন ন্যাটো গোষ্ঠীভুক্ত সদস্য দেশগুলিকে। যাদের সঙ্গে আদায় কাঁচ কলায় সম্পর্ক রুশ প্রেসিডেন্ট পুতিনেরও।
চিঠিতে কী লিখেছেন ট্রাম্প?
সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ন্যাটো সদস্যদের উদ্দেশে ট্রাম্প লিখেছেন, ‘রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপাতে আমি তৈরি। ন্যাটো সদস্য দেশগুলিও রাজি হলে, আমরা এই সিদ্ধান্তে উপনীত হব। তারপর রাশিয়ার থেকে তেল কেনা একেবারে বন্ধ।’
ট্রাম্পের সংযোজন, ‘এই লক্ষ্যে পৌঁছতে আর কয়েক ধাপ। কয়েকটা প্রতিবন্ধকতার কারণে আমরা সেই লক্ষ্য়ে পৌঁছতে পারছি না। বেশ কয়েকজন এখনও রাশিয়ার থেকেই তেল কিনছেন। আর দর কষাকষির লড়াইয়ে সেটাই দুর্বল করে দিচ্ছে। যাই হোক, আপনারা তৈরি হলেই বলবেন, আমি তৈরি।’
শুধু রাশিয়াই নয়। চিঠিতে ট্রাম্পের চাপা ক্ষোভ ধরা পড়েছে চিন নিয়েও। তাই তো ন্য়াটো দেশগুলিকে এবার বেজিংয়ের উপর শুল্ক চাপানোর প্রস্তাব দিয়েছেন তিনি। ট্রাম্পের অনুমান, বেজিংকে জব্দ করা গেলেই দুর্বল হবে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট লিখছেন, ‘ন্যাটো গোষ্ঠীর দেশগুলিকে চিনের উপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক চাপানো উচিত। যা রাশিয়া-ইউক্রেনের সঙ্গে চলা যুদ্ধকে থামাতেও সাহায্য করবে।’ কিন্তু ন্য়াটো যদি ট্রাম্পের এই প্রস্তাব না মানে তা হলে? পরিণতিটাও ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন, একেবারে শাঁসানির সুরে। তাঁর কথায়, ‘আমার কথা মতো চললে যুদ্ধ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কিন্তু তা যদি না হয়, তা হলে আপনারা আমেরিকার সময়, শক্তি ও অর্থ সবই নষ্ট করবেন।’