Recruitment Protest: ‘নেপালের তিন ইস্যু বাংলার ক্ষেত্রেও প্রাসঙ্গিক’, শিক্ষামন্ত্রীর বাড়ির এলাকায় ঢুকে এক সপ্তাহের ‘ডেডলাইন’ চাকরিপ্রার্থীদের – Bengali News | ‘Three issues of Nepal are also relevant to Bengal’, job seekers give one week ‘deadline’ to govt
ক্ষোভে ফুঁসছেন চাকরিপ্রার্থীরা Image Credit: TV 9 Bangla
কলকাতা: সকাল থেকেই ফের উত্তাল রাজপথ। দ্রুত নিয়োগের দাবিতে রাস্তায় নেমেছেন ২০২২ সালের ঊত্তীর্ণরা। তুমুল বিক্ষোভ চলল বিধানসভায়। ‘পাশ করে কি ভুল করেছি?’ রাস্তায় বসে প্রশ্ন আন্দোলনকারীদের। যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন, “এই আন্দোলন অর্থহীন। খুব দ্রুত যেখানে পর্ষদ ভ্যাকেন্সি লিস্ট পাবলিশ করতে যাচ্ছে, এক-দু’দিনের মধ্যে যা বের হবে তার আগে এই আন্দোলনের পিছনে কী উদ্দেশ্য আছে আমি জানি না।” আন্দোলনকারীরা এদিন সন্ধ্যায় পৌঁছে গেলেন শিক্ষামন্ত্রীর কালিন্দির বাড়ির এলাকাতেও। তবে সেখানেও তাঁদের পুলিশি বাধার মুখে পড়তে হয়।
যশোর রোডের পাশেই প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে স্লোগান শুরু করে দেন আন্দোলনকারীরা। তুলনা টানলেন নেপালের পরিস্থিতির সঙ্গেও। একজন তো স্পষ্ট বললেন, “নেপালে হওয়া গণ অভ্যুত্থানের পিছনে রয়েছে বেকারত্ব, স্বজনপোশন এবং দুর্নীতি। আর এই তিনটি বিষয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রাসঙ্গিক। এই তিন পরিস্থিতির কারণে গণ আন্দোলনের দ্বারা সরকার উৎখাত হল। সরকারের বিরোধিতা করা আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু দীর্ঘদিন একটু একটু করে ক্ষোভ জমছে। এই ক্ষোভ কোথায় আছড়ে পড়বে কেউ জানে না।”
এক সপ্তাহের ডেডলাইন দিচ্ছেন চাকরিপ্রার্থীরা
পুজোর আগেই যদি শুন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত না হয় সে ক্ষেত্রে আরও বৃহত্তর আন্দোলন হবে বলেও হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারীরা। পাশাপশি এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়ে আন্দোলনকারীদের হুশিয়ারি, এই সময়ের মধ্যে যদি ৫০ হাজার শুন্যপদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ না হলে এর খেরে আরও বেশি সংখ্যক চাকরিপ্রার্থীদের নিয়ে বিধনসভা অভিযান হবে।
ক্ষোভ উগরে দিলেন আরও এক চাকরিপ্রার্থী। তিনি বললেন, “ব্রাত্য বসু সাংবাদিক সম্মেলনে বললেন আমাদের নাকি শূন্যপদ এখনও আসেনি। ভ্যাকেন্সি ৫০ হাজার নেই। আমরা নাকি মিথ্যা কথা বলছি। কিন্তু পুর্ষদ সভাপতি নিজে বলেছেন ৫০ হাজার শূন্যপদ রয়েছে।” একই সুর আরও একজনের গলাতেও। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বললেন, “আমাদের দাবি ৫০ হাজার শূন্যপদে অবিলম্বে নোটিস এবং ভোটের আগে আমাদের নিয়োগ চাই। শিক্ষামন্ত্রী বলেছেন আমাদের আন্দোলনের কোনও মানে হয় না। তিনি বলছেন দু’দিনের মধ্যে আমাদের নোটিফিকেশন আসবে। আমরা তিনটে বছর ধরে শুধু প্রতিশ্রুতি শুনেছি। আমরা কেউ সরকার বিরোধী নই। আমরা চাই এই প্রতিশ্রুতি যেন এবার পূরণ হয়।”