West Bengal Weather Forecast: সোম-মঙ্গলে কিছু স্বস্তি, বুধবার থেকেই ফেল ভোলবদল আবহাওয়ার – Bengali News | West Bengal and Kolkata Weather Forecast for 7th september, know about the rain forecast in bengal
কলকাতা: সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। বৃষ্টির দেখা খুব একটা মেলেনি। আবহাওয়া দফতর বলছে নতুন সপ্তাহের মাঝামাঝি থেকে ফের বাংলায় ঢুকবে মৌসুমী অক্ষরেখা। আর তখন থেকেই ফের ঘুরবে খেলা। মৌসুমী অক্ষরেখার সঙ্গেই ফের আরও এক দফায় প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। আপাতত কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চললেও আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও তার মাত্রা মোটের উপর হালকাই।
বৃষ্টি খুব বেশি না হওয়ার ফলে তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে। জলীয় বাষ্প ঢোকার কারণে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বুধবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যান্য জেলার পাশাপাশি আগামী কয়েকদিন মাঝে মাঝে রোদ উঠলেও কলকাতা মূলত আংশিকভাবে মেঘলাই থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি সোমবার উত্তরবঙ্গেও তাপমাত্রা স্বাভাবিকের উপরেই থাকবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উপরের দিকের জেলাগুলিতে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইবে। তবে তাপমাত্রা তার জেরে যে খুব একটা কমবে এমনটা নয়। হাওয়া অফিস বলছে দু’দিন পর থেকে অবস্থা কিছুটা বদলাতে পারে। কমতে পারে তাপমাত্রার পারা। বুধবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উপরের দিকের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়।