SSC Exam: পরীক্ষার হলে কী কী নিয়ে যাবেন আর কী নেবেন না, রইল সম্পূর্ণ তালিকা – Bengali News | School Service commission gives instruction about what would do a candidate in examination centre
কলকাতা: আর মাত্র কয়েকঘণ্টা। তারপরই নবম-দশম শ্রেণির জন্য সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসবেন চাকরিপ্রার্থীরা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে সবাই ব্যস্ত। তবে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার আগে স্কুল সার্ভিস কমিশনের কয়েকটি নির্দেশ জেনে রাখা দরকার চাকরিপ্রার্থীদের। এতে পরীক্ষাকেন্দ্রে গিয়ে অযথা সমস্যায় পড়তে হবে না। কী কী সেই নির্দেশ? পরীক্ষাকেন্দ্রে কী নিয়ে যাওয়া যাবে এবং কী নিয়ে যাওয়া যাবে না, তা স্পষ্ট করে দিয়েছে এসএসসি। পরীক্ষাকেন্দ্রে চাকরিপ্রার্থীদের কী করতে হবে, তা নিয়েও স্পষ্ট নির্দেশ দিয়েছে। জেনে নেওয়া যাক, কী বলছে স্কুল সার্ভিস কমিশন।
পরীক্ষাকেন্দ্রে কী কী নিয়ে যেতে হবে?
একজন চাকরিপ্রার্থীকে পরীক্ষায় বসার জন্য কী কী পরীক্ষাকেন্দ্রে নিয়ে যেতে হবে, তা নিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে এসএসসি। অ্যাডমিট কার্ড তো অবশ্যই নিয়ে যেতে হবে। কিন্তু, এবার শুধু অ্যাডমিট কার্ড নিয়ে গেলে হবে না। এর পাশাপাশি অরিজিনাল সচিত্র পরিচয়পত্র আধার কিংবা ভোটার কার্ড নিয়ে যেতে হবে। সেল্ফ অ্যাটেস্টেড আধার কিংবা ভোটার কার্ডের জেরক্সও নিয়ে যেতে হবে।
পরীক্ষাকেন্দ্রে কখন পৌঁছতে হবে?
এই বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষা শুরু দুপুর ১২টায়। কিন্তু, এসএসসি জানিয়েছে, ২ ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে চাকরিপ্রার্থীদের। অর্থাৎ সকাল ১০টার মধ্যে চাকরিপ্রার্থীদের নিজের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে।
পরীক্ষাকেন্দ্রে কী কী নিয়ে ঢোকা যাবে না?
কী কী জিনিস নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না, তাও স্পষ্ট করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। ক্যালকুলেটর কিংবা কোনও ইলেকট্রনিক সরঞ্জাম নিয়ে প্রবেশ করা যাবে না। জলের বোতলে কোনও স্টিকার থাকলে তা নিয়ে প্রবেশ করা যাবে না।