Tainted List-SSC: অযোগ্য-তালিকায় মেয়ের নাম, ‘তৃণমূল করি বলে হাইলাইট করা হচ্ছে’, বললেন উপ পুরপ্রধান – Bengali News | Another TMC leader’s daughter’s name in the SSC tainted list, councillor denied
নিউ ব্যারাকপুর: কারও মেয়ে, কারও পুত্রবধূ, কারও স্বামী, কারও স্ত্রী- এসএসসি-র অযোগ্য তালিকা প্রকাশ হতেই তৃণমূল নেতাদের অস্বস্তি বাড়ছে জেলায় জেলায়। কারও কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। কেউ কেউ আবার বলছেন, ‘কীভাবে নাম উঠল জানা নেই’। একই রকম বক্তব্য নিউ ব্যারাকপুরের উপপ্রধানেরও। অযোগ্যদের তালিকায় নাম রয়েছে তাঁর মেয়ের।
নিউ ব্যারাকপুর পুরসভার উপ পুরপ্রধান স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাসের নাম রয়েছে এসএসসি-র প্রকাশ করা দাগি শিক্ষক শিক্ষিকাদের তালিকায়। সেই নাম উল্লেখ করে এলাকা জুড়ে পড়েছে পোস্টার। এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে বিজেপি। উপ পুরপ্রধানের পদত্যাগ চেয়ে পোস্টারও পড়েছে। তবে স্বপ্না বিশ্বাসের দাবি, তাঁর মেয়ে পড়াশোনা করে স্বচ্ছতার সঙ্গেই চাকরি পেয়েছে।
মেয়ে শতাব্দীর বিয়ে হয়েছে ২০১২ সালে। আর স্বপ্না ভাইস চেয়ারম্যান হয়েছেন ২০২২ সালে। স্বপ্নার বক্তব্য, কীভাবে মেয়ের নাম অযোগ্য-তালিকায় এল, তা স্পষ্ট নয়, তবে আদালতের উপর ভরসা রাখছেন তিনি। স্বপ্নার বক্তব্য, “অনেকেরই তো চাকরি গিয়েছে, কিন্তু যেহেতু আমরা তৃণমূল করি, তাই আমাদেরকে হাইলাইট করা হচ্ছে। এসএসসির এই তালিকা প্রকাশে আমাদেরই মান সম্মান নষ্ট হচ্ছে।”
এদিকে, এসএসসি-র প্রকাশিত তালিকায় উপ পুরপ্রধানের মেয়ের নাম থাকায় একযোগে শাসকদলকে আক্রমণ করেছে বাম-বিজেপি। বিজেপি নেতা তাপস তালুকদার বলেন, “আগে কোনও চাকরির ক্ষেত্রে যোগ্যদের তালিকা বেরত, এখন অযোগ্যদের তালিকা বেরোয়। পানিহাটির বিধায়কের পুত্রবধূর নামও রয়েছে। তা থেকেই বোঝা যায় কীভাবে দুর্নীতিতে জড়িয়েছে তৃণমূল।”