BJP: ডান্ডা দিয়ে হাঁটুর মালা ভেঙে দেবেন, কেসের টাকা আমি দেব: দেবদাস

বনগাঁ: ‘তৃণমূল যদি কোনও কর্মীর গায়ে হাত দেয়, ডান্ডা দিয়ে হাঁটুর মালা ভেঙে দেবেন। কেসের টাকা আমি দেব।’ বনগাঁয় বিজেপির সংগঠনিক বৈঠক থেকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সামনেই নিদান দিলেন প্রাক্তন বিজেপি জেলা সভাপতি দেবদাস মণ্ডল। ‘বিজেপি ওর মালাইচাকি খুলে নিয়েছে’, কটাক্ষ তৃণমূলের ।
উত্তর ২৪ পরগনার বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে শনিবার বিকেলে বনগাঁ স্টেশন সংলগ্ন একটি লজে সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া, কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় ও বনগাঁ জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ, প্রাক্তন জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল সহ অন্যান্য নেতৃত্বরা।
সেখানে সাংগঠনিক বক্তব্য রাখতে গিয়ে দেবদাস মণ্ডল বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা আমাকে ডাকলে আমি সেখানেই যাব। পদ চিরস্থায়ী নয়। দল ক্ষমতায় না এলে পদ দিয়ে কী হবে?” একই সঙ্গে সঙ্গ-বদ্ধ ভাবে লড়াই করার বার্তা দেন তিনি। তিনি আরও বলেন, “কোনও জায়গায় তৃণমূল যদি বিজেপি কর্মীদের উপরে হাত দেয় তাহলে ডান্ডা দিয়ে মেরে হাঁটুর মালা ভেঙে দিতে হবে। আমাকে বলবেন কেসের টাকা আমি দেব।” শান্তনু ঠাকুরের সামনেই তিনি এই বক্তব্য রাখেন।
এ দিন, এই সাংগঠনিক বৈঠকে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন মজুমদার হরিণঘাটার বিধায়ক অসীম সরকার ও গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর এই তিন বিধায়ক অনুপস্থিত ছিলেন।
দেবদাস মণ্ডলের বক্তব্যকে সমর্থন জানিয়েছে শান্তনু ঠাকুর। তিনি বলেন, “যদি মারে তাহলে পাল্টা মারে কারে হাঁটুর মালা ভেঙেই যেতে পারে। ডিফেন্স করার সময় হতেই পারে।”