Calcutta High Court on Durgapuja: সরকারি কোষাগারের টাকা এই ভাবে পুজোর নামে দান করা যায় না, আদালতে সওয়াল মামলাকারীর – Bengali News | Litigant said in calcutta high court for durga puja donation issue
কলকাতা: দুর্গাপুজোর অনুদানকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। দ্রুত শুনানির আবেদন জানিয়ে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী শামিম আহমেদ। সেই মামলা আদালতে ওঠে বুধবার (২০ অগস্ট)। সেখানে মামলাকারী ও রাজ্য সরকারের আইনজীবীর কথোপকথন একনজরে।
আজ অর্থাৎ বুধবার দুর্গাপুজোর অনুদান মামলায় রাজ্যের দাবি, প্রতি বছর দুর্গা পুজোর আগে এই একই ইস্যুতে একটা করে মামলা করা হয়। আর পুজো মিটলে মামলাকারীদের আর জনগণের কথা মনে থাকে না। অপরদিকে, মামলাকারীর আইনজীবী জানান, সরকারি কোষাগারের টাকা এই ভাবে পুজোর নামে দান করা যায় না। বছর বছর এই অনুদানের পরিমাণ বাড়ছে। অথচ সরকার অন্যান্য জরুরি ক্ষেত্রে প্রাপ্য মেটাতে পারছে না। এই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এক রায়ে পুলিশের মাধ্যমে যাবতীয় খরচার হিসেব নেওয়ার নির্দেশ দিয়েছিল। বাস্তবে অনুদান বাবদ টাকা দেওয়া হলেও তার কোনও হিসেব কার্যত রাখা হয় না। উল্টে প্রতি বছর অনুদানের পরিমাণ বাড়ছে।” আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে শুরু হয় অনুদান পর্ব। শুরুর বছর থেকেই এই অনুদান দেওয়াকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়ে সরকার। প্রশ্ন ওঠে কেন সরকার টাকা দেবে? তবে সেই সব তর্ক-বিতর্ক পিছনে রেখেই প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে অনুদানের অঙ্ক। চলতি বছর ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদানের ঘোষণা করেছে রাজ্য সরকার। উল্লেখ্য়, গত বছর (২০২৪) আরজি করের ঘটনা নিয়ে উত্তাল হয় বঙ্গ রাজনীতি। চিকিৎসক-সাধারণ নাগরিকদের আন্দোলন নিয়ে তোলপাড় হয় বাংলা।বিশ্বের নানা প্রান্তে প্রতিবাদ হয়েছিল। সেই আবহের মধ্যেই হয়েছিল দুর্গাপুজো। তখনও বহু ক্লাব ফিরিয়ে দিয়েছিল সরকারি অনুদান।
