Pakistan: পাকিস্তানের চরম অসভ্যতা! ভারতীয় কূটনীতিকদের কীভাবে হেনস্থা করছে, জানলে রাগে ফুঁসবেন – Bengali News | Pakistan ‘deliberately’ blocks basic amenities for Indian diplomats in Islamabad
ইসলামাবাদ: ভারতের অপারেশন সিঁদুরের পর বিনা প্ররোচনায় সীমান্তে গোলাবর্ষণ করেছিল পাকিস্তান। যোগ্য জবাব দেয় ভারত। বেকায়দায় পড়ে সংঘর্ষবিরতির জন্য ভারতের সঙ্গে আলোচনায় বসে পাক সেনা। সংঘর্ষবিরতির পর এবার ইসলামাবাদে ভারতীয় কূটনীতিকদের মৌলিক সুযোগ-সুবিধা ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দিচ্ছে পাকিস্তান। রান্নার গ্যাস, পানীয় জল এমনকি, সংবাদপত্রের মতো প্রয়োজনীয় জিনিসপত্র পেতে সমস্যায় পড়ছেন ভারতীয় দূতাবাসের কর্মীরা।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের কর্মী ও তাঁদের পরিবার মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ভারতের সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে ফুঁসছে পাকিস্তান। আর এই অবস্থায় ইচ্ছাকৃতভাবেই ইসলামাবাদের ভারতীয় দূতাবাসের কর্মীদের অসুবিধায় ফেলার চেষ্টা করছে পাকিস্তান।
রান্নার গ্যাস, পানীয় জল এবং সংবাদপত্রও ঠিকমতো পাচ্ছেন না দূতাবাসের কর্মীরা। হাই কমিশন চত্বরে গ্যাস পাইপলাইন বসানো হলেও, তাতে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। রান্নার গ্যাস সিলিন্ডার ভারতীয় কূটনীতিকদের আবাসনে যাতে না পৌঁছনো হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়ে পাকিস্তানের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের কর্মীদের সমস্যায় ফেলতেই ISI-র নির্দেশে এই পদক্ষেপ করা হয়েছে। ভারতীয় হাই কমিশনের কর্মীদের বাধ্য হয়ে খোলা বাজার থেকে বেশি দামে এইসব জিনিসপত্র কিনতে হচ্ছে। ভারতীয় হাইকমিশনের কর্মী ও তাঁদের পরিবার সবচেয়ে সমস্যা পড়েছেন পানীয় জল সরবরাহ বন্ধ হওয়ায়। স্থানীয় খবর যাতে ভারতীয় হাইকমিশনের কর্মীরা না পান, সেজন্য তাঁদের আবাসনে সংবাদপত্রও না পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী, ভারতীয় কূটনীতিকদের উপর নজরদারিও বাড়িয়েছে পাকিস্তান।
পাকিস্তানের এইসব পদক্ষেপে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভিয়েনা চুক্তিকে লঙ্ঘন করা হচ্ছে। ওই চুক্তি অনুসারে, কোনও দেশে অন্য দেশের কূটনীতিকদের নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা সুনিশ্চিত করার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় সরকারের সূত্রকে উদ্ধৃত করে সিএনএন-নিউজ১৮ জানিয়েছে, পাকিস্তানের এই পদক্ষেপে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হতে পারে।
সরকারি সূত্র উদ্ধৃত করে ইন্ডিয়া টুডে টিভি জানিয়েছে, এই প্রথম নয়। এর আগে ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর ভারত যখন সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, তখনও ইসলামাবাদের ভারতীয় কূটনীতিকদের নানা ভাবে সমস্যায় ফেলার চেষ্টা করেছিল পাকিস্তান। এবার ফের ভারতীয় কূটনীতিকদের পাকিস্তান সমস্যায় ফেলায় চেষ্টা করার পর ভারত কী পদক্ষেপ করে, সেটাই এখন দেখার।
