CM Mamata Banerjee: ‘কেন এত নেতা খুন হচ্ছেন? আইবি কেন আগে থেকে খবর পাচ্ছে না?’ পুলিশের উপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী – Bengali News | ‘Why are so many leaders being killed, Why is IB not getting the news in advance’ CM Mamata Expressed anger over police
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীImage Credit source: Facebook
কলকাতা: কেন এত নেতা খুন হচ্ছেন? ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ নিয়ে বৈঠকে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুলিশ সুপার, আইসি, ওসিদের নিজেদের এলাকা দায়িত্ব সহকারে দেখার নির্দেশ। কোনও পুলিশ অফিসারের নাম না করে এই নির্দেশ মুখ্যমন্ত্রীর। গত কয়েক দিন ধরে বেশ কিছু জেলায় খুন হয়েছেন বেশ কিছু শাসক দলের নেতা। সেই আবহে মুখ্যমন্ত্রীর এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মতা ওয়াকিবহাল মহলের।
মমতার সাফ কথা, থানার ভূমিকা ভাল করে দেখতে হবে। আইবি কেন আগে থেকে খবর পাচ্ছে না? প্রশ্ন মমতার। এরপরই রীতিমতো ক্ষোভের সুরে বলেন, দায়িত্ব নিয়ে বসে থাকলাম, কাজ করলাম না সেটা করলে হবে না। সূত্রের খবর, বৈঠকে উপস্থিতি ছিলেন জেলাশাসক এবং বিভিন্ন জেলার এসপি থেকে শুরু করে কমিশনারেটের সিপিরা।
হুগলি থেকে উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া থেকে কোচবিহার, একের পর এক জেলা থেকে লাগাতার এসেছে তৃণমূল নেতা খুনের অভিযোগ। তা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোরের অন্ত নেই। কয়েকদিন আগেই কোন্নগরে প্রকাশ্য রাস্তায় এলোপাথাড়ি কোপ মেরে খুন করা হয় দাপুটে তৃণমূল নেতাকে। গত সোমবার রাত ৯টা নাগাদ পর পর গুলি করে খুন করা হয় তৃণমূলের বুথ কনভেনারকে। কোচবিহারে ভরা বাজারে গুলি করে খুন করা হয়েছে ডায়াগুড়ির পঞ্চায়েত প্রধান কুন্তলা রায়ের ছেলেকে। এরইমধ্যে আবার বারুইপুরে মারধর করে খুনের অভিযোগ বিজেপির বুথ সভাপতিকে। তা নিয়ে চাপানউতোর যখন পুরোদমে তারইমধ্যে মমতার উদ্বেগ প্রকাশ পুলিশের উপর চাপ বাড়াবে বলেই মত ওয়াকিবহাল মহলের।