Howrah: দিদির হাতে রাখীও পরে, তারপরই কলেজে ইঞ্জিনিয়ারিং ছাত্রের অস্বাভাবিক মৃত্যু – Bengali News | Howrah: Student dies in private engineering college at sankrail
হাওড়া: হাওড়ার সাঁকরাইলে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। শনিবার কলেজের পুলে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে।সেখানে চিকিৎকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই ছাত্রের নাম কপিল কুমার।
পুলিশ ও কলেজ সূত্রে জানা গিয়েছে, কপিল হিমাচল প্রদেশের বাসিন্দা। দেড় মাস আগে এই কলেজে ভর্তি হয়। ছ’মাসের মেরিন সংক্রান্ত কোর্সে তিনি ভর্তি হন। কলেজ হস্টেলে থাকতেন। সকালে ক্লাস করেছিলেন কপিল কুমার। এই ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। খবর পেয়ে আজ হিমাচল প্রদেশ থেকে প্লেনে করে চলে আসেন পরিবারের লোকেরা। কান্নায় ভেঙে পড়েন বোন মনিকা। তিনি বলেন, “রাখীর দিন ভাইকে হারালাম।অভিযোগ করেন যে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ সহযোগিতা করছে না। ভাইয়ের মাথায় আঘাত রয়েছে। এটা নিছক দুর্ঘটনা নয়।” কলেজ কর্তৃপক্ষের ওপর ক্ষোভ উগড়ে দেন পরিবারের সদস্যরা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তদন্ত হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। কলেজের প্রশাসনিক দায়িত্বে থাকা আধিকারিক অনিন্দিতা চক্রবর্তী বলেন, তাঁরা সবরকম সহযোগিতা করছেন। পুলে কাউকে না জানিয়ে চলে গিয়েছিলেন কপিল। তদন্তের জন্য সিসিটিভি সহ সমস্ত তথ্য পুলিশকে দেওয়া হয়েছে।পরিবারের প্রতি তাদের সমবেদনা রয়েছে।
