Election Commission on SIR: বাংলায় কি আদৌ হবে ভোটার সমীক্ষা? মুখ খুললেন নির্বাচনী আধিকারিক – Bengali News | No Orders Yet: Bengal’s SIR Status Remains Unclear, Says EC Officer
রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক বিজিত ধরImage Credit source: নিজস্ব চিত্র
জলপাইগুড়ি: SIR বা ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন নিয়ে মুখ খুললেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক বিজিত ধর। সোমবার উত্তরবঙ্গে গিয়ে এই ভোটার সমীক্ষা নিয়ে প্রশ্ন করা হতেই ‘সময়ে দেখা যাবে’ বলে মন্তব্য করেন তিনি। এক মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন বিহারকে সামনে রেখে বাংলাতেও ভোটার সমীক্ষা করতে চায় কমিশন।
তারপর থেকে নানা মহলে এই নিয়ে চড়েছে জল্পনা। ভোটের আগেই কি বাংলাতেও হবে সমীক্ষা, সেই নিয়ে নানা কানাঘুষো খবর উঠে আসছে এদিক-সেদিক থেকে। আর সেই আবহেই সাময়িক ভাবে সমস্ত জল্পনার অবসান ঘটালেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক।
সোমবার উত্তরবঙ্গের পাঁচ জেলার বুথ লেভেল অফিসারদের সঙ্গে জলপাইগুড়িতে বৈঠক করেন তিনি। কমিশনের আধিকারিকের বৈঠকে উপস্থিত ছিল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পং জেলার বিএলও-রা। সেখানেই ভোটার তালিকা সংক্রান্ত নানা কাজ-সহ কীভাবে অবৈধ ভোটার চিহ্নিত করা হবে সেই নিয়েও আলোচনা করতে দেখা যায় তাঁকে।
এদিন তিনি বলেন, ‘বিএলওরাই সারাবছর ভোটারদের সঙ্গে কাজ কর্ম করেন। কমিশনের তৃণমূল স্তররে প্রতিনিধি তারা। সম্প্রতি প্রচুর নতুন বিএলও নিয়োগ হয়েছে। তাদের প্রশিক্ষণ প্রয়োজন। আর সেই কথা মাথায় রেখেই এই বৈঠক।’ এরপরেই SIR নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এখনও তো কোনও নির্দেশ আসেনি। যদি হয়, তা হলে আগে নির্দেশগুলো আসুক। তারপর না হয় দেখা যাবে।’
অবশ্য, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক যখন নির্দেশ না আসার কথা বলছেন, সেই সময়েই কিন্তু রাজ্যের ২০০২ সালে ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করে দিয়েছে কমিশন। সোমবার ১০৯টি বিধানসভা কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে তারা। যাকে নিবিড় সমীক্ষার প্রথম ধাপ বলেই ইঙ্গিত দিচ্ছেন ওয়াকিবহাল মহল।
