Dilip Ghosh: পুলিশে গেলেন দিলীপ ঘোষ, 'গভীর ষড়যন্ত্র চলছে' - Bengali News | 'Request for investigation into a conspiracy being carried out against me through social media', Dilip Ghosh files complaint to police - 24 Ghanta Bangla News
Home

Dilip Ghosh: পুলিশে গেলেন দিলীপ ঘোষ, ‘গভীর ষড়যন্ত্র চলছে’ – Bengali News | ‘Request for investigation into a conspiracy being carried out against me through social media’, Dilip Ghosh files complaint to police

Spread the love

কলকাতা: কিছুদিন ধরে তাঁর দলবদলের সম্ভাবনা নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনা আপাতত থেমেছে। এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিয়ো ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। এই নিয়ে এবার লালবাজারের সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ তুলে তদন্তের আবেদন জানালেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। এই ষড়যন্ত্রের পিছনে কারা রয়েছে, তা তদন্ত করে দেখতে আর্জি জানিয়েছেন।

সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগে দিলীপ লিখেছেন, তাঁর সম্মানহানি করতে এবং রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করতে সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মে তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়ে তিনি লিখেছেন, “এই ষড়যন্ত্রের পিছনে কারা রয়েছেন, তাঁদের চিহ্নিত করা হোক। এবং তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হোক।” ষড়যন্ত্রকারীদের আইনানুযায়ী শাস্তির আবেদনও জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় ওই ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। বিজেপির এক প্রবীণ নেতাকেও এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছে। তৃণমূল আবার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙুল তুলেছে। এই নিয়ে রাজ্য বিজেপির সদ্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “আমি এই ভিডিয়ো দেখিনি। ইন্টারেস্টও নেই। তবে এখনকার টেকনোলজির যুগে কোনও ভিডিয়ো নিয়েই সেই ধরনের বেশি কিছু কথা বলা উচিত নয়। দ্বিতীয় কথা, ব্যক্তিগত জীবনে কে কার সঙ্গে কী করবেন, তাতে আমার উঁকি মারার অধিকার নেই।” এখানেই না থেমে তিনি বলেন, “দিলীপবাবু অভিযোগ করেছেন। তাঁর বিরুদ্ধে কি কোনও অভিযোগ হয়েছে? তাহলে এই নিয়ে এত কথা বলার কী আছে।”

প্রসঙ্গত, কিছুদিন আগেও দিলীপের দলবদলের সম্ভাবনা নিয়ে জল্পনা চলছিল। গত ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন সস্ত্রীক দিঘায় গিয়েছিলেন দিলীপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেদিন দেখা হয় তাঁর। মমতার সঙ্গে খোশমেজাজে দেখা যায় সস্ত্রীক দিলীপকে। বিষয়টি যে রাজ্য বিজেপি ভালভাবে নেয়নি, তা বুঝিয়ে দেন গেরুয়া শিবিরের নেতারা। তারপরই বিজেপির সঙ্গে ‘দূরত্ব’ বাড়ে দিলীপের। এরপরই জল্পনা ছড়ায়, ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের সমাবেশে কি দেখা যাবে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে? ২১ জুলাই খড়্গপুরে বিজেপির একটি সভায় ছিলেন দিলীপ। সেখানে তিনি বলেছিলেন, “দিলীপ ঘোষ বিজেপিতে যাবে বলে যাঁরা কর্মীদের বিভ্রান্ত করেছিলেন, তাঁরা ডিম-ভাত খাওয়া পার্টি।” দলের একাংশের বিরুদ্ধে সরব হলেও কারও নাম নেননি তিনি। এবার দিলীপ অভিযোগ করলেন, রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করতে সোশ্যাল মিডিয়ায় গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। এবারও কারও নাম নিলেন না তিনি। কারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তা পুলিশকেই তদন্ত করে দেখতে বললেন। পুলিশ তদন্তে কী পায়, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *