Nadia: তামান্নার মৃত্যুর প্রতিবাদে সরব হয়েছিলেন, সেই CPIM কর্মীদের বাড়িতে মধ্যরাতে হানা পুলিশের, উঠল শ্লীলতাহানির অভিযোগ, ধুন্ধুমারকাণ্ড – Bengali News | Nadia Police raid CPIM worker’s house at midnight, who protested against Tamannaah’s death, allegation of molestation
নদিয়া: অভিযুক্তদের গ্রেফতার করতে গিয়ে ব্যাপক মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশের লাঠির আঘাতে জখম হয় একাধিক পুরুষ, মহিলা ও শিশুরা। মহিলাদেরকে শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য কালীগঞ্জের মোলান্দি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি পুরনো ঘটনাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। অভিযুক্তদের গ্রেফতার করতে মধ্যরাতে গ্রামে হানা দেয় পুলিশ। এলাকার বাসিন্দা শেখ সাদ্দাম ও সুখ মহম্মদ শেখ নামে দু’জনের বাড়িতে যায় পুলিশ। উল্লেখ্য, এরা দুজনেই এলাকায় সিপিএম কর্মী বলে পরিচিত। পুরনো একটি মামলায় অভিযুক্ত তারা।
অভিযুক্তদের গ্রেফতার করতে গেলে পুলিশকে ঘিরে পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল বাহিনী। এরপর পুলিশ লাঠি চালিয়ে বাধা হটিয়ে তিন অভিযুক্তদের গ্রেফতার করে। ধৃতদের কৃষ্ণনগর আদালতে পেশ করা হবে।
অপরদিকে সিপিএম-এর দাবি, পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছেন আরও একাধিক সিপিএম কর্মী। তামান্নার ন্যায় বিচারের দাবিতে যাঁরা সোচ্চার হয়েছেন, তাঁদেরও গ্রেফতার করা হয়েছে। সেই সময় তাঁদের পরিবারের ৯ জন মহিলাও পুলিশের লাঠির আঘাতে আহন হন। তাঁদের প্রত্যেককেই হাসপাতালে ভর্তি করতে হয়। আক্রান্তদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করতে গেলে সেই লিখিত অভিযোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ।
এ প্রসঙ্গে স্থানীয় সিপিএম নেতা দেবাশিস আচার্য বলেন, “আমাদের কাছে রাতে মোলান্দী থেকে ফোন আসে। ওখানে আমাদের একজন গুরুত্বপূর্ণ সংগঠককে গ্রেফতার করতে পুলিশের বিশাল বাহিনী পৌঁছয়। তামান্নার মৃত্যুর পর বিচারের দাবিতে যাঁরা বারবার সরব হয়েছিলেন, তাঁদেরকেই এখন নানা কারণে হেনস্থা করা হচ্ছে।”
