Vice President: ধনখড়ের অপ্রত্যাশিত ইস্তফা, উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোন অঙ্কে জোটসঙ্গীদের সামলাবে বিজেপি? – Bengali News | Jagdeep Dhankhar resign as Vice President, what will do BJP and their allies now?
নয়াদিল্লি: সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। আর এদিনই উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় ইস্তফা দিয়েছেন। সংসদের অধিবেশন চলাকালীন রাজ্যসভার চেয়ারম্যানের ইস্তফা দেওয়া ভারতীয় রাজনীতিতে নজিরবিহীন। আগামিকাল থেকে রাজ্যসভা চালানোর যাবতীয় দায়িত্ব বর্তাবে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংয়ের উপরে। হরিবংশ জেডিইউ সাংসদ।
রাজনীতির কারবারিরা বলছেন, প্রধানমন্ত্রী থাকাকালীন মনমোহন সিংয়ের জটিল বাইপাস সার্জারি হয়েছিল। সেই সময় রাহুল গান্ধী, প্রণব মুখোপাধ্যায়, পি চিদম্বরমের মতো সিনিয়র নেতারা বিশেষ কমিটি গঠন করে প্রধানমন্ত্রীর দফতর চালিয়েছিলেন। কিন্তু, এভাবে অধিবেশনের সময় উপরাষ্ট্রপতির ইস্তফা দেখা যায়নি। ধনখড় ইস্তফা দেওয়ায় এবার উপরাষ্ট্রপতি নির্বাচন হবে।
২০২২ সালের ১১ অগস্ট উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন ধনখড়। তিনি যখন উপরাষ্ট্রপতি হন, তখন বিজেপির একারই সরকার টিকিয়ে রাখার মতো সাংসদ ছিল। কিন্তু, এখন সরকার টিকিয়ে রাখতে তাদের জোটসঙ্গীদের উপর নির্ভর করতে হচ্ছে। রাজনীতির কারবারিরা বলছেন, ধনখড়ের আকস্মিক ইস্তফায় জোট রাজনীতির অপ্রত্যাশিত জাঁতাকলে পড়েছে মোদী সরকার। প্রশ্ন উঠছে, জোট রাজনীতির দায়বদ্ধতায় এবার কি নিজেদের পছন্দমতো প্রার্থী দাঁড় করাতে পারবে বিজেপি?
কেন্দ্রে বিজেপির প্রধান দুই জোটসঙ্গী নীতীশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদ জেডিইউ-র হাতে রয়েছে। রাজনীতির কারবারিরা বলছেন, সেক্ষেত্রে কি চন্দ্রবাবু নাইডু উপরাষ্ট্রপতি পদে তাঁর পছন্দের প্রার্থীকে দাঁড় করানোর জন্য দাবি জানাবেন? বিহারের নির্বাচনের আগে নীতীশও কি চাইবেন তাঁর রাজ্য থেকে কাউকে প্রার্থী করবে? তেমন হলে বিজেপি কীভাবে ঘর সামলাবে, সেটাই দেখার।
