Nimisha Priya: নিরাপদে ভারতে ফিরুক নিমিশা, সুপ্রিম কোর্টে বলল কেন্দ্র – Bengali News | Centre wants Nimisha Priya to come to India safely, told to supreme court
নিমিশা প্রিয়ার মামলার শুনানিImage Credit source: TV9 বাংলা
নয়া দিল্লি: ইয়েমেনে মৃত্যদণ্ডে দণ্ডিত কেরলের নার্স নিমিশা প্রিয়াকে যাতে নিরাপদে ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়, সেটাই চাইছে কেন্দ্রীয় সরকার। আজ, শুক্রবার সুপ্রিম কোর্টে এ কথাই জানানো হয়েছে কেন্দ্রের তরফে।
অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামাইয়া আদালতে জানিয়েছেন, এই ক্ষেত্রে যে ব্যক্তি বা বেসরকারি সংগঠন আলোচনার চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে আরও বেশি সতর্ক হতে হবে। তিনি বলেন, “আমরা চাই নিমিশা সাবধানে ফিরে আসুন।” বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুক্রবার ছিল সেই মামলার শুনানি। একটি সংগঠন এদিন আদালতে ইয়েমেনে যাওয়ার আবেদনও জানিয়েছেন।
সুপ্রিম কোর্ট বলেছে, ‘সেভ নিমিশা প্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাকশন কাউন্সিল’ যাতে এই বিষয়ে সরাসরি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করে। আগামী ১৪ অগস্ট ফের এই মামলার শুনানি হবে।
গত ১৬ জুলাই মৃত্যুদণ্ড দেওয়ার কথা ছিল নিমিশাকে। কিন্তু ২৪ ঘণ্টা আগেই স্থগিত হয়ে যায় নিমিশার ফাঁসি। তবে এখনই তাঁকে ভারতে ফেরানো সম্ভব হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
আপাতত নিমিশার মৃত্যুদণ্ড স্থগিত করা হলেও তিনি যে একেবারেই বেঁচে গিয়েছেন এমনটা নয়। নিমিশার আইনজীবী সুভাষ চন্দ্রন আগেই জানিয়েছেন, ভারতের ‘গ্র্যান্ড মুফতি’র মধ্যস্থতায় দুই পক্ষের পরিবারের মধ্য়ে আলোচনা হয়েছে ঠিকই। নিহতের পরিবার নিমিশাকে ক্ষমা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। এমনকি, ব্লাডমানি বা রক্তের দাম পর্যন্ত নিতে অস্বীকার করে দিয়েছে নিহতের পরিবার।