Hooghly: একুশে জুলাইয়ের ফ্লেক্স দিল পঞ্চায়েত! তৃণমূলের সাফাই ‘প্রিন্টিং মিসটেক’ – Bengali News | Hooghly Panchayat issues flex for July 21st! Trinamool clears ‘printing mistake’
একুশে জুলাইয়ের ফ্লেক্স নিয়ে চর্চা!Image Credit source: TV9 Bangla
হুগলি: একুশে জুলাই তৃণমূলের ধর্মতলা সমাবেশ। তার সমর্থনে ফ্লেক্স দিল পঞ্চায়েত! যা ঘিরে বিতর্ক বলাগড় ব্লকের খামারগাছি এলাকায়। যদিও তৃণমূলের সাফাই এটা ছাপার গন্ডগোল!
শাসক তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত সিজা কামালপুর। সেই পঞ্চায়েতের তরফে ২১ জুলাই সমাবেশে যোগ দেওয়ার জন্য ডাক দেওয়া হয়েছে। শুক্রবার বলাগড়ের সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের গেটে ও খামারগাছি এলাকা, সিজা বাজারে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ একুশে জুলাই এর কর্মসূচির প্রচার ফ্লেক্স। নিচে লেখা রয়েছে প্রচারে সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েত। আর এই নিয়েই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে বলাগড়ে।
স্থানীয় বিজেপি নেতার বক্তব্য, সরকারি টাকায় প্রচার হচ্ছে দলীয় কর্মসূচির। যা সম্পূর্ণ বেআইনি। তৃণমূল আইন-কানুন কোন কিছুই মানে না। সাধারণ মানুষের টাকায় দলীয় কর্মসূচির প্রচার করতে ব্যস্ত।
বিজেপি হুগলির নেতা সুরেশ সাউ বলেন, “তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলো তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে। এটা আমরা বারবার অভিযোগ করি সেটাই প্রমাণ হলো সিজা কামালপুরের ঘটনায়।”
সিপিআইএমের হুগলি জেলা কমিটির সদস্য অতনু ঘোষ বলেন, “তৃণমূল আর পঞ্চায়েত তৃণমূল আর সরকার এক হয়ে গিয়েছে। সাধারণ মানুষের করের টাকায় পঞ্চায়েত দলের প্রচার করছে।”
যদিও ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরিজিৎ দাস বলেন, “আমি এ বিষয়ে কোন কিছুই জানেন না। দলীয় কর্মীরাই উৎসাহিত হয়ে এটি করে থাকতে পারে। অথবা যেখান থেকে ফ্লেক্স ছাপানো হয় সেখানকার ভুল হতে পারে। আমাদের পঞ্চায়েত থেকে কোন ফ্লেক্স ছাপানো হয়নি। দলের কর্মীরা আবেগপ্রবণ, তাই তাঁরা হয়তো তৃণমূল কংগ্রেস অঞ্চল কমিটি লিখতে গিয়ে গ্রাম পঞ্চায়েতের নাম লিখে ফেলেছে।এটা প্রিন্টিং মিসটেক।”
