Hooghly: কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ ক্যানসার আক্রান্ত বাংলাদেশি! – Bengali News | Hooghly Bangladeshi cancer patient goes missing after coming to Kolkata for treatment!
হুগলি: চিকিৎসা করাতে এসে ব্যান্ডেল থেকে নিখোঁজ বাংলাদেশি তরুণ! নাম নিলয় সাহা(১৯)। জানা গিয়েছে, বাংলাদেশের শরিয়তপুরের পালং থানার গঙ্গানগর গ্রামে তাঁর বাড়ি।
কলকাতার ঠাকুর পুকুর ক্যানসার রিসার্চ সেন্টারে চিকিৎসা করাতে আসেন ওই তরুণ।ব্যান্ডেলের কেওটা নবপল্লিতে তাঁর দিদির বাড়ি। গত ২ জুলাই সেখানেই এসেছিলেন।তাঁর পাসপোর্ট বাংলাদেশের সব কাগজপত্র পড়ে রয়েছে দিদির বাড়িতে। মঙ্গলবার দুপুরে দুই দিদির সঙ্গে গোপীনাথপুর ঠাকুর বাড়িতে যান পুজো দিতে। সেখান থেকে নিখোঁজ হয়ে যায় দাবি।
গত বৈশাখ মাসে প্রথম চিকিৎসার জন্য দিদির বাড়ি আসেন। জানা যাচ্ছে, তিনি ক্যানসার আক্রান্ত ছিলেন। ক্যানসারে তাঁর বাঁ পা বাদ দিতে হয়।বর্তমানে ক্রাচ নিয়ে হাঁটাচলা করেন। এই অবস্থায় কোথায় গেলেন, কী হল বুঝে উঠতে পারছে না তাঁর আত্মীয়রা।
এখানে পথঘাট চেনা নেই। কোনও ট্রেনে উঠে অন্যত্র চলে গেল কিনা সেটা জানতে ব্যান্ডেল জিআরপি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। চুঁচুড়া থানাতেও নিখোঁজের অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন নিখোঁজ বাংলাদেশি তরুণের জামাইবাবু শঙ্কর নাগ।
