Cyber Fraud: শেষমেশ একজন অবসরপ্রাপ্ত বিজ্ঞানীও? তিন দিন থাকলেন ‘বন্দি’, খোয়ালেন দেড় কোটি টাকা – Bengali News | Retired Scientist Loses ₹1.29 Crore in ‘Digital Arrest’ Scam; Two Held
লখনউ: একজন অবসরপ্রাপ্ত বিজ্ঞানী। তিনিও নাকি পড়ে গেলেন প্রতারকদের ফাঁদে। তিন দিন ধরে থাকলেন ‘ডিজিটাল গ্রেফতার’।
ঘটনা উত্তর প্রদেশের বরেলির। নিজেদের সিবিআই অফিসার বলে পরিচয় দিলেন দুই সাইবার প্রতারক। এরপর ডায়াল করলেন ওই অবসরপ্রাপ্ত বিজ্ঞানীর ফোনে। নাম সুখদেব নন্দী। পুলিশকে তিনি জানিয়েছেন, হোয়াটসঅ্যাপ কল করে প্রতারকরা তাঁর সঙ্গে যোগাযোগ করে। এরপর নানা ভাবে তাঁকে হুমকি-হুঁশিয়ারি দিয়ে ভয় দেখিয়ে, এমনকি তিন দিনের জন্য ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে বলে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেয়।
সর্বস্ব খুইয়ে থানায় দ্বারস্থ হন অবসরপ্রাপ্ত বিজ্ঞানী। তদন্তে নামে উত্তর প্রদেশের স্পেশাল টাস্ক ফোর্স। লখনউ থেকেই গ্রেফতার করা হয় প্রদীপ কুমার সিং ও মেহফুজ নামে দুই অভিযুক্তকে। যাদের থেকে দু’টি মোবাইল, প্যান, আধার কার্ড-সহ ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত বেশ কিছু নথি উদ্ধার করেছেন STF-র সদস্যরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত প্রদীপ কুমার সিং নিজের নামে এক টি সংস্থা খুলে তার ব্যাঙ্ক আইডি ব্যবহার করেই সেই প্রতারণার টাকাগুলি আমদানি করতেন। ওই একই অ্যাকাউন্ট ব্যবহার হয়েছিল অবসরপ্রাপ্ত বিজ্ঞানীর থেকে দেড় কোটি টাকা হাতাতেও। এরপর সেই টাকা বিনিয়োগ হয়ে যেত ক্রিপ্টোকারেন্সিতে।
মেহফুজ লেনদেনের ব্যাপারে ছিল না। তার কাজ ছিল ভুয়ো সিমের নেটওয়ার্ক তৈরি করা। সে পুলিশকে জেরায় জানিয়েছে, জালি এটিএম কার্ড থেকে ভুয়ো সিম। সবটাই তৈরি করতে ওস্তাদ সে।
