কলকাতা মেট্রোয় অ্যালার্ম বাজিয়ে উধাও যাত্রী, ব্যস্ত সময়ে থমকে গেল মেট্রো - 24 Ghanta Bangla News
Home

কলকাতা মেট্রোয় অ্যালার্ম বাজিয়ে উধাও যাত্রী, ব্যস্ত সময়ে থমকে গেল মেট্রো

Spread the love

বুধবার সকালে কলকাতা মেট্রোর ব্যস্ত সময়ে ঘটে গেল বিপত্তি। দক্ষিণেশ্বরগামী একটি মেট্রো রেক হঠাৎ থেমে যায় রবীন্দ্র সরোবর স্টেশনে। বহু মানুষ অফিসের তাড়ায় মেট্রোয় ছিলেন। কিন্তু আচমকাই পুরো ট্রেন থেমে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। জানা যাচ্ছে, এক যাত্রী এমার্জেন্সি অ্যালার্ম টেনেছিলেন। তার ফলে মেট্রো থমকে যায়। যদিও শেষমেশ সেই যাত্রীর কোনও খোঁজ পাওয়া যায়নি।

আরও পড়ুন: পার্পল লাইনে আজ মেট্রোর জন্য অপেক্ষা করতে হবে একটু বেশি! শেষ মেট্রো ক’টায়?

মেট্রো সূত্রের খবর, সওয়া ৯ টা নাগাদ ঘটনাটি ঘটে। ওই সময় মেট্রোর এক কামরায় আচমকা বাজতে শুরু করে ‘প্যাসেঞ্জার অ্যালার্ট ডিভাইস’। এই যন্ত্রটি ‘ইমার্জেন্সি অ্যালার্ম’ নামেও পরিচিত। বিপদে পড়লে যাত্রীরা সাধারণত এটি টেনে চালকের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। কিন্তু বুধবার ওই সময় কোনও অজানা কারণে এক যাত্রী অ্যালার্মটি বাজিয়ে দেন।

অ্যালার্ম বাজতেই ট্রেন থামিয়ে চালক দ্রুত ছুটে যান সেই নির্দিষ্ট কামরায়। জানতে চান, কে অ্যালার্ম বাজালেন? কিন্তু কামরায় থাকা যাত্রীদের কেউই কোনও উত্তর দিতে পারেননি। ফলে কেন অ্যালার্ম বাজল, সেটাও স্পষ্ট হয়নি। এই ঘটনায় শুধু ওই সংশ্লিষ্ট রেকটি নয়, তার পিছনে থাকা আরও বেশ কয়েকটি মেট্রো ট্রেনও দাঁড়িয়ে পড়ে আপ লাইনে। ফলে কিছু সময়ের জন্য কলকাতা মেট্রোর পরিষেবায় ব্যাঘাত ঘটে। ট্রেন ছাড়তে দেরি হয়। স্টেশনগুলিতে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। বিশেষ করে ব্যস্ত সময় হওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অ্যালার্মটি বাজানোর কারণ বা দায় কার, তা বোঝা যায়নি।

তবে পরিস্থিতি যত দ্রুত সম্ভব সামাল দেওয়া হয়। কয়েক মিনিটের মধ্যেই পরিষেবা স্বাভাবিক করা হয় বলে দাবি কর্তৃপক্ষের। প্রসঙ্গত, কলকাতা মেট্রোয় বিভ্রাট নতুন কিছু নয়। কখনও ট্রেনের যান্ত্রিক ত্রুটি, কখনও সিগন্যাল সমস্যা, আবার কখনও যাত্রী লাইনে পড়ে যাওয়ায় পরিষেবা বিঘ্নিত হয়। তবে এভাবে অকারণে অ্যালার্ম বাজিয়ে মেট্রো থামিয়ে দেওয়া এই ঘটনা সাম্প্রতিক সময়ে শোনা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *