পুরনো নিয়মে চালু থাকবে কলকাতা পুরসভায় ইঞ্জিনিয়ার নিয়োগ প্রক্রিয়া, জানাল হাইকোর্ট - 24 Ghanta Bangla News
Home

পুরনো নিয়মে চালু থাকবে কলকাতা পুরসভায় ইঞ্জিনিয়ার নিয়োগ প্রক্রিয়া, জানাল হাইকোর্ট

রাজ্যের ওবিসি তালিকায় কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ জারি করলেও বন্ধ থাকবে না কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগের প্রক্রিয়া। বৃহস্পতিবার এক নির্দেশে এমনই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্ট রাজ্যের তৈরি করা নতুন ওবিসি তালিকায় স্থগিতাদেশ জারি করলেও সেই তালিকা অনুসারেই ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল কলকাতা পুরসভা। এতে ক্ষুব্ধ হয়ে কলকাতা পুরসভার কমিশনার ও মিউনিসিপাল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়। এদিন সেই মামলার শুনানিতেই নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা যাবে না বলে জানিয়ে দিয়েছে আদালত।

এদিন আদালতের তরফে স্পষ্ট করা হয়েছে, ওবিসি সংরক্ষণের পুরনো নিয়ম মেনে চলবে নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশের পর যে ৬৬টি সম্প্রদায় এখনও ওবিসি তালিকাভুক্ত রয়েছে তারাই শুধু সংপরক্ষণের সুবিধা পাবেন। মোট শূন্যপদের ৭ শতাংশ বরাদ্দ থাকবে ওবিসিদের জন্য।

কলকাতা পুরসভায় অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার (সিভিল)এর মোট ৭৮টি শূন্যপদে নিয়োগের জন্য ওবিসি এ শ্রেণির জন্য ৮টি ও ওবিসি বি শ্রেণির জন্য ৫টি শূন্যপদ সংরক্ষিত রাখা হয়েছিল। যা আদালতের নির্দেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে জানিয়ে দিয়েছেন বিচারপতিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *