Explained: যুদ্ধের নাগপাশ কাটিয়ে কোন রুট দিয়ে ফিরবেন ভারতীয়রা? - Bengali News | What is the Way For Indians To Flee Away From Iran? - 24 Ghanta Bangla News
Home

Explained: যুদ্ধের নাগপাশ কাটিয়ে কোন রুট দিয়ে ফিরবেন ভারতীয়রা? – Bengali News | What is the Way For Indians To Flee Away From Iran?

Spread the love

নয়াদিল্লি: একটি পরিসংখ্যান বলছে, বর্তমানে ইরানে বসবাসরত ভারতীয়র সংখ্যা প্রায় ১০ হাজার। যার মধ্যে ৬০ শতাংশ পড়ুয়া। শুক্রবারে মধ্যরাতে শুরু হওয়া সংঘাত যে রূপ ধারণ এই পরিস্থিতি কার্যত সংকটে পড়ে গিয়েছে ইরানে বসবাসকারী দেশের নাগরিকদের ভবিষ্যৎ।

চড়ছে পারদ

তখন মধ্যরাত। ইরানের প্রশাসনিক মহলের মধ্যে বেড়েছে পারমাণবিক অস্থিরতা। এই অস্থিরতা আসলে আমেরিকার তৈরি। ঘুরপথে ক্রমাগত চলছে হুঁশিয়ারি। বুঝিয়ে দেওয়া হচ্ছে পারমাণবিক বৈঠকে না যোগ দিলে গুনতে হবে মাশুল। গোটা দেশজুড়ে তৈরি হয়েছে ঝড়ের আগের নিস্তব্ধতা।

তবে সেটা ক্ষণিকের। ঘণ্টা খানেক পেরতেই সেই নিস্তব্ধতা চিরে ঢুকল ইজরায়েল। সিংঘের মতো বসাল থাবা। এই অভিযানের নাম পড়ল ‘রাইজিং লায়ন’। জানা গেল, মোসাদের কৌশল মেপেই সেই হামলা চালিয়েছে ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী। তবে এই লড়াই কিন্তু তাদের কাছে কোনও পারমাণবিক শান্তি বা বৈঠকে যোগ না দেওয়ার জন্য শুরু করা সংঘাত নয়। ইজরায়েলের দাবি, ‘এটা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই।’ যুদ্ধের মধ্যে দিয়ে যে জাতির শেষ। সেই জাতি আজ বেঁচে থাকতে চায় যুদ্ধের মধ্যে দিয়েই।

ভারতের আকাশে শঙ্কার মেঘ

ইজরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক অনেকটা প্রতিরক্ষা খাতিরে। অন্যদিকে ইরানের সঙ্গে সম্পর্ক বাণিজ্যের খাতিরে। ২০২৩ সালের একটি পরিসংখ্যান অনুযায়ী, সেই বছর ইরানের সঙ্গে মোট ১৮০ কোটি মার্কিন ডলারের বাণিজ্য করেছিল ভারত। তাতে যেমন আমদানি, তেমনই হয়েছিল রফতানি। সাধারণভাবে, তেল, ড্রাই ফ্রুটস ও রত্নের মতো একাধিক পণ্য় প্রতি বছর পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের এই দেশ থেকে আমদানি করে থাকে ভারত।

ইজরায়েল-ইরানের যুদ্ধ শুরু হতেই ভারতের বুকে তৈরি হয়েছিল বাণিজ্য-শঙ্কা। এড়িয়ে যাওয়া হয়েছিল একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন মহলে চর্চার কেন্দ্রে ছিল শুধুই ব্যবসা-বাণিজ্য। নজর পড়ল খানিক পড়ে। যখন আরও ভয়াবহ হল পরিস্থিতি। চিন্তা বাড়ল সেদেশে বসবাসরত ভারতীয়দের নিয়ে।

বর্তমানে মোট ১০ হাজার জন ভারতীয় নাগরিক রয়েছেন ইরানের বুকে। যার মধ্যে বেশির ভাগটাই পড়ুয়া। প্রতিবছর দেশের হায়দরাবাদ, লখনউ ও জম্মু-কাশ্মীর এই তিন এলাকার বাসিন্দারা ইরানে গিয়ে থাকেন। মূলত, সস্তায় চিকিৎসা বিজ্ঞানের পড়াশোনা, তৈল শোধনাগারে মোটা টাকার চাকরি-সহ নানা কারণেই মধ্যপ্রাচ্যের ওই দেশে ভারতীয় চলে যাওয়ার একটা প্রবণতা কাজ করে থাকে।

আর এটা আজ বলে নয়। ১৯২০ সালে অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার প্রাক্কালে এই ইরানে গিয়ে সংসার পেতেছিলেন মোট ১৮০টি ভারতীয় পরিবার। আজ সেই সংখ্যাই পৌঁছে গিয়েছে ১০ হাজারে।

যুদ্ধ পরিস্থিতি কেমন আছে ইরানে থাকা ভারতীয়রা?

এই যুদ্ধ আবহের সপ্তাহ আগেই সেখানে ইরানে কিছু কাজে গিয়েছিলেন কলকাতার এক অধ্যাপক। নাম ফাল্গুনি দে। টিভি৯ বাংলার কাছে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।

ওই অধ্যাপক জানিয়েছেন, ‘এক্সপিডিশন শেষের দু’দিনের মধ্যে ইরান ছাড়ব ভেবেছিলাম। কিন্তু তা এখনও সম্ভব হয়নি। এদিকে ফুরিয়ে আসছে টাকাও। প্রথমে এসে মোট ৪০ ডলার বা সাড়ে তিন হাজার টাকা প্রতিদিনের ভাড়ার একটি হোটেলে উঠে পড়ি। কিন্তু তা বেশিদিন টানা সম্ভব হচ্ছে না। কারণ, না এজেন্সি টাকা পাঠাচ্ছে, না দূতাবাস। যুদ্ধকালে খরচ তুলতে হিমশিম অবস্থা। এমনকি, নিজের বাড়িতে টাকা আনাব, সেই সুযোগও নেই। কারণ সব ব্যাঙ্ক বন্ধ।’

তাঁর সংযোজন, ‘ভারতীয় দূতাবাস ঠিক মতো কিছু বলতে পারছে না। তারা নিজেও জানে না কবে বিমান চলাচল শুরু হবে, তারা বিগত চার দিন ধরে আমাকে বলে যাচ্ছে যে, আপনারা সবাই শান্ত থাকুন হোটেলের বাইরে বেরোবেন না সাবধানে থাকুন। ওরা কাকে ছেড়ে, কাকে দেখবে এই রকম পরিস্থিতি।’

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ইরানে পাঠরত মেডিক্যাল পড়ুয়া, ইমতিসাল মোহিদিন জানিয়েছেন, ‘আমি শ্রীনগরের বাসিন্দা। এখানে পরিস্থিতি ভয়াবহ। লাগাতর বোমা পড়ছে। আমরা যেখানে থাকি, সেখান থেকে ৫ কিলোমিটার দূরেও একটা বোমা পড়েছে। চিন্তা বাড়ছে। যার জেরে তিন দিন ধরে ঘুমোতে পর্যন্ত পারিনি।’

এত সংখ্যক ভারতীয়, কী হবে তাদের? কোন পথে ভবিষ্যৎ?

ইরানে বসবাসরত সেই ভারতীয়দের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগের চেষ্টা চালিয়েছে সেখানকার দূতাবাস। ইতিমধ্য়েই পর পর বেশ কয়েকটি নির্দেশিকা জারি করেছে তারা।

এদিন নিজেদের সমাজমাধ্যমে ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস তরফে জানানো হয়েছে, তেহরানে থাকা সকল ভারতীয়রা যেন এই মুহূর্তে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের ঠিকানা, ফোন নম্বর দূতাবাসে জমা দেয়।

আরও একটি নির্দেশিকায় ভারতীয় দূতাবাস জানিয়েছে, ‘ইরানে অবস্থিত সকল ভারতীয় নাগরিকদের অনুরোধ করব, তারা যেন অযথা বাড়ির বাইরে পা না দেয়। সর্বক্ষণ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখে। স্থানীয় প্রশাসনের উপর ভরসা রাখে। এমনকি, যারা নিজেদের উদ্যোগে তেহরানের ছাড়তে পারবে, তাদের বলব নিরাপদ আশ্রয় খুঁজুন।’

তবে কি ভারতীয়দের উদ্ধারে নিজে থেকে কোনও পদক্ষেপ নেবে না নয়াদিল্লি? তা নয়। ইতিমধ্যেই প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করে তাদের ইরান থেকে বেরনোর পথ খুঁজে দিচ্ছে সেখানকার দূতাবাস। যেহেতু যুুদ্ধের কারণে বিমান পরিষেবা বন্ধ, এমনকি, আকাশসীমাও একেবারে স্থগিত হয়েছে, সেই কারণেই জরুরি বিমান পাঠিয়েও ইরানে থাকা ভারতীয়দের উদ্ধার করতে পারছে না নয়াদিল্লি। এখন উপায় একটাই।

অতীতের শিক্ষা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময়ের এই একই সমস্যায় পড়েছিল নয়াদিল্লি। ইউক্রেন ও রাশিয়া উভয় মেডিক্যাল পড়াশোনার সেরা স্থান। তাই প্রতি বছরই হাজার হাজার ভারতীয় পড়ুয়া সেই দেশে চলে যান পড়াশোনার জন্য। যারা আবার আটকা পড়েছিলেন যুদ্ধ শুরু হতে। সেই সময় ভারত সড়কপথ ব্যবহার করে প্রথমে ইউক্রেন ও রাশিয়ায় পাঠরত পড়ুয়া এবং অন্যান্য ভারতীয় পোল্যান্ড সীমান্তে নিয়ে আসে। তারপর সেখান থেকে জরুরি বিমানের মাধ্যমে তাদের নিয়ে আসা হয় নিজ দেশে। সেই সময়কালে কয়েক দফা বিমানে চাপিয়ে ১৭ হাজারেরও অধিক পড়ুয়াদের ভারতে ফিরিয়ে এনেছিল নয়াদিল্লি।

এবারও সেই শিক্ষাই কিন্তু কাজে লাগতে পারে ইরান-উদ্ধারকাজেও। তবে রাশিয়া-ইউক্রেনের ভৌগলিক পরিস্থিতির তুলনায় ইরান-ইজরায়েল যুদ্ধের ভৌগলিক পরিস্থিতি কিছুটা ভিন্ন।

ইরানের উত্তর দিকে রয়েছে তুর্কমেনিস্থান। পূর্বে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। পশ্চিমে রয়েছে ইরাক ও তুরস্ক। উত্তর-পশ্চিমে রয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া। রাশিয়া-ইউক্রেন যুদ্ধকালে তাদের ঘিরে থাকা দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক ছিল অনেকটাই মধুর। যে কারণে সীমানা হয়ে উদ্ধারকাজে কোনও রকম সমস্যা হয়নি। কিন্তু এবারের পরিস্থিতিটা ভিন্ন। ভারত-পাকিস্তান সংঘাত আবহে তুরস্ক-আজারবাইজান ঘুরপথে ভারতের বিরোধিতা করে। সুতরাং, এই পরিস্থিতিতে ভারত সরকার তাদের দ্বারস্থ হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

এই পরিস্থিতিতে বিকল্প রাস্তা বলতে রয়েছে, আজারবাইজানের প্রতিবেশি আর্মেনিয়া। অন্যদিকে রয়েছে তুর্কমেনিস্তান ও আফগানিস্তান। এই বিকল্পগুলি হাতে থাকলেও কোন পথে ইরানে অবস্থিত সমস্ত ভারতীয়দের কোন পথে বের করা হবে, সেই নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি নয়াদিল্লি। তেহরান সূত্রে জানা গিয়েছে, দূতাবাসের উদ্যোগে বেশ কয়েকটি বাসের ব্যবস্থা করা হয়েছে। সেই বাসগুলি পড়ুয়াদের সীমান্ত পর্যন্ত নিয়ে যাবে।

সোমবার ইরানের কুয়োম শহর থেকে মোট ৬০০ ভারতীয় পড়ুয়াকে সড়কপথে তেহরান নিয়ে আসা হয়েছে। ইজরায়েলি হামলায় একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই শহর। এছাড়াও, সেই ৬০০ জনের মধ্যে ১১০ জনকে ইরান সীমান্ত পেরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আর্মেনিয়া। আপাতত সেখানেই নিরাপদ তারা। পরিস্থিতি গুরুতর হলে আর্মেনিয়া থেকে নয়াদিল্লিতে ফেরত আনা হবে, বলেই সূত্রের খবর। ইতিমধ্যে সাউথ ব্লক তরফেও এই আর্মেনিয়ার বিদেশমন্ত্রকে যোগাযোগ করা হয়েছে। উদ্ধারকাজ চলবে আরব দেশ হয়েও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *