সন্তানপালনের জন্য ছুটি নেওয়ায় অধ্যাপিকার বেতন বন্ধ, দিতে বলল হাইকোর্ট - 24 Ghanta Bangla News
Home

সন্তানপালনের জন্য ছুটি নেওয়ায় অধ্যাপিকার বেতন বন্ধ, দিতে বলল হাইকোর্ট

Spread the love

যমজ সন্তানের দেখভালের জন্য অনুমতি ছাড়াই ছুটি নেওয়ায় এক অধ্যাপিকার বেতন বন্ধ করে দিয়েছিল কলেজ কর্তৃপক্ষ। এমনকী তাঁকে শোকজ নোটিশও পাঠিয়েছিল। তাছাড়া, আগে পাওয়া বেতন ফেরতেরও নির্দেশ দেওয়া হয়েছিল। শেষপর্যন্ত কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন সেই অধ্যাপিকা। কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত খারিজ করে বেতন দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট।

আরও পড়ুন: চিকিৎসকদের দূরে পোস্টিং বিতর্ক, হাইকোর্টের দ্বারস্থ দেবাশিস, আসফাকুল্লা

মামলার বয়ান অনুযায়ী, ঘটনাটি ক্যালকাটা গার্লস কলেজের। সেখানকার অর্থনীতির অধ্যাপিকা হিসেবে ২০১৮ সালের মার্চ মাসে কাজে যোগ দেন তিনি। ২০২১ সালের ২৬ নভেম্বর তাঁর যমজ কন্যাসন্তান হয়। এর কয়েকদিন আগেই তিনি মাতৃত্বকালীন ছুটি নেন। এই ছুটি চলে ২০২২ সালের ১০ মে পর্যন্ত। তবে অধ্যাপিকার স্বামী বিদেশে কর্মরত। তাই সন্তানদের দেখভালের জন্য ছুটি শেষ হওয়ার পরে তিনি কলেজ কর্তৃপক্ষের কাছে আরও অতিরিক্ত ছুটির আবেদন করেন।

এ নিয়ে পরপর তিন বার ছুটির আবেদন জমা দেন অধ্যাপিকা। কিন্তু, প্রতিবারই কলেজ কর্তৃপক্ষ তাঁর আবেদন খারিজ করে। এদিকে, সন্তানদের একা সামলাতে না পেরে অধ্যাপিকা ১৮৯ দিনের ছুটি নিয়ে নেন। পরে কলেজে কাজে ফেরেন অধ্যাপিকা। কিন্তু, কলেজ কর্তৃপক্ষ তাঁর বেতন বন্ধ করে দেয়। শুধু তাই নয়, কলেজের পরিচালন সমিতি তাঁকে একটি শোকজ নোটিশ পাঠায় এবং তাঁকে আগে যে বেতন দেওয়া হয়েছিল, তাও ফেরত দিতে বলা হয়।

এই পরিস্থিতিতে ওই অধ্যাপিকা কলেজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত খারিজ করে দেন। তিনি জানান, আইন মায়েদের সন্তান পালনের জন্য ছুটির অধিকার দিয়েছে। তিনি সন্তানপালনে এক বছরের বেশি ছুটি নিতে পারেন। এটি তাঁর আইনসিদ্ধ অধিকার।

আদালতের নির্দেশ অনুযায়ী, কলেজ কর্তৃপক্ষকে ছয় সপ্তাহের মধ্যে ওই অধ্যাপিকার সমস্ত প্রাপ্য বেতন পরিশোধ করতে হবে। আইনজীবী মহলের একাংশের মতে, এই নির্দেশ শুধুমাত্র এক জন মায়ের পক্ষে নয়, বরং প্রতিষ্ঠানের কর্তব্য ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রশ্নেও একটি বার্তা বহন করছে। এখন কলেজ কর্তৃপক্ষ ডিভিশন বেঞ্চে যায় কেন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *