Smoking: প্রকাশ্যে ধূমপান করা যাবে না আর, ধরা পড়লেই ১৩ হাজার টাকা ফাইন! – Bengali News | France to ban smoking in public impose 13 thousand rs fine
প্যারিস: সিগারেট নিয়ে কড়াকড়ি। এবার থেকে প্রকাশ্যে আর ধূমপান করা যাবে না। ধরা পড়লেই দিতে হবে জরিমানা। তাও আবার ১০০-৫০০ নয়, কড়কড়ে ১৩,০০০ টাকা জরিমানা করা হবে। এমনটাই কঠোর নিয়ম চালু করা হচ্ছে।
জানা গিয়েছে, এবার ফ্রান্স সরকার প্রকাশ্যে ধূমপান রুখতে কঠোর নিয়ম আনতে চলেছে। শিশুরা যেখানে যায়, যেমন বাস স্টপ, পার্ক, স্কুল, খোলা মাঠ, খেলাধুলোর জায়গা, সমুদ্র সৈকতের মতো জায়গায় আর প্রকাশ্যে ধূমপান করা যাবে না। তবে ক্যাফের ছাদে ধূমপান করা যাবে।
বৃহস্পতিবার ফ্রান্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ক্যাথরিন ভোট্রিন এই ঘোষণা করেন। তাঁর সাফ কথা, “শিশুরা যেখানে থাকবে, সেখানে কোনওভাবে তামাক থাকবে না। ধূমপান করার স্বাধীনতা সেখানেই শেষ হয়ে যাবে যেখানে শিশুদের খোলা বাতাসে শ্বাস নেওয়ার অধিকার শুরু হয়।”
জানা গিয়েছে, ১ জুলাই থেকে এই নিয়ম কার্যকর হতে চলেছে। তামাকজাত সিগারেটে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ হলেও, ইলেকট্রনিক সিগারেটে আপাতত ছাড় দেওয়া হয়েছে। যদি কেউ প্রকাশ্যে ধূমপান করতে গিয়ে ধরা পড়েন, তবে ১৩৫ ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৩ হাজার টাকা জরিমানা দিতে হবে।
ফ্রান্সের নাগরিকরাও চান ধূমপানের নিয়ম কড়া হোক। সম্প্রতিই একটি মতামত পোলে ৬২ শতাংশ নাগরিকই প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছিলেন। ফ্রান্সে প্রতি বছর প্রায় ৭৫ হাজার মানুষের মৃত্যু হয় তামাকজাত পণ্য সেবনের কারণে।
