Teachers recruitment process: শিক্ষক নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি থেকে কাউন্সেলিং, সব তথ্য একনজরে – Bengali News | From notification to counselling date, know all the details about teachers recruitment process
নিয়োগ প্রক্রিয়ার সব তথ্য জেনে নিন একনজরেImage Credit source: TV9 Bangla
কলকাতা: ৩১ মে’র মধ্যে নতুন করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনে রাজ্য সরকার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করছে বলে মঙ্গলবার নবান্ন থেকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হচ্ছে? কাউন্সেলিং কবে থেকে শুরু হবে? কত সংখ্যক শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে? এক নজরে দেখে নেওয়া যাক সেইসব তথ্য।
সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসি-র পুরো প্যানেল বাতিল হয়েছে। চাকরি গিয়েছে সাড়ে ২৫ হাজার জনের বেশি শিক্ষক শিক্ষাকর্মীর। সেই শূন্যপদে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। গতকাল মুখ্যমন্ত্রী জানান, ওই শূন্যপদের পাশাপাশি আরও শূন্যপদে নিয়োগ হবে। সবমিলিয়ে ৪৪ হাজার ২০৩টি শূন্যপদে নিয়োগ হবে।
নবম ও দশম শ্রেণির শিক্ষিক শিক্ষিকা পদে অতিরিক্ত শূন্যপদ তৈরি হয়েছে ১১ হাজার ৫১৭টি। একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে তা ৬ হাজার ৯১২টি। গ্রুপ সিতে নতুন শূন্যপদের সংখ্যা ৫৭১। আর গ্রুপ ডিতে নতুন শূন্যপদের সংখ্যা ১০০০। সবমিলিয়ে নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ২১২। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক-শিক্ষিকা নিয়োগে মোট শূন্যপদ ১২ হাজার ৫১৪। গ্রুপ সিতে মোট শূন্যপদ ২ হাজার ৯৮৯। আর গ্রুপ ডিতে মোট শূন্যপদের সংখ্যা ৫ হাজার ৪৮৮। সবমিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ৪৪ হাজার ২০৩।
এই খবরটিও পড়ুন
বিজ্ঞপ্তি থেকে কাউন্সেলিং কবে?
- গতকাল মুখ্যমন্ত্রী জানান, সুপ্রিম কোর্ট ৩১ মে’র মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ মেনে আগামী ৩০ মে নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দেওয়া হবে।
- পরীক্ষায় বসার জন্য অনলাইনে আবেদন জানানো শুরু হবে ১৫ জুন। আর ১৪ জুলাই পর্যন্ত আবেদন জানানো যাবে।
- প্যানেল প্রকাশ হবে আগামী ১৫ নভেম্বর।
- কাউন্সেলিং ২০ নভেম্বর থেকে শুরু হবে।
- পরীক্ষা দিতে পারবেন যোগ্যতাসম্পন্ন যেকোনও চাকরিপ্রার্থী।
- মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০১৬ সালের এসএসসি প্যানেলের চাকরিহারা কোনও প্রার্থীর চাকরিতে বসার বয়স পেরিয়ে গেলেও তাঁদের ক্ষেত্রে বয়সসীমার ছাড় দেওয়া হবে।
- যাঁরা এতদিন চাকরি করেছেন, তাঁদের জন্য টিচিং এক্সপেরিয়েন্স অ্যাডভান্টেজ দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এছাড়া অন্য কোনও সুবিধার কথা বলা হয়নি।
গতকাল মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করছে রাজ্য। একইসঙ্গে রিভিউ পিটিশনও দাখিল করা হয়েছে। সেক্ষেত্রে দুটি পথ খোলা রয়েছে। চাকরিহারাদের পরীক্ষায় বসার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে পরীক্ষা না দেওয়ার দাবিতে অনড় চাকরিহারারা। বিজ্ঞপ্তি জারি নিয়ে গতকাল মুখ্যমন্ত্রীর ঘোষণার পর তাঁরা বলেন, “নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি জারি করার কথা ঘোষণা করে যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের মৃত্য পরোয়ানা জারি করা হল।”
