বড় ঘোষণা, অবশেষে মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রীর শেষ ছবি ‘ধূমকেতু’, জানুন তারিখ – Bengali News | Dev subhashree ganguly last movie Dhumketu will going to release on this august
দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের শেষ ছবি ‘ধূমকেতু’ নিয়ে দর্শক মনে বরাবরই উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। এই জুটির অনুরাগীরা সুযোগ পেলেই প্রশ্ন তুলতেন, ‘কবে মুক্তি পেতে চলেছে ধূমকেতু’। যদিও তার সঠিক উত্তর এতদিন কারও কাছেই ছিল না। কোনও এক রিয়্যালিটি শোয়ে এসে কখনও শুভশ্রী প্রশ্ন তুলেছিলেন, ছবি মুক্তি নিয়ে, কখনও দেবও অনিশ্চয়তার প্রসঙ্গ তুলে আক্ষেপ করতেন। তবে অবশেষে কাটল জটিলতার সকল মেঘ। হাসি ফিরল টলিপাড়ার দর্শকদের মুখে। রানা সরকার প্রযোজিত এই ছবি মুক্তি পেতে চলেছে ১৪ অগাস্ট, ২০২৫। ২৩ মে দেবের প্রযোজনা সংস্থা থেকে এই খবর প্রকাশ্যে জানিয়ে দেওয়া হয়। ২২ মে থেকেই ‘ধূমকেতু’ জ্বরে কাবু ছিলেন সকলে। নেপথ্যে রানা সরকারের একটি পোস্ট, যা নিয়েই শুরু হয়ে গিয়েছিল জল্পনা।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রানা সরকার লিখেছিলেন, ‘ধূমকেতু নিয়ে অঙ্ক কষার দিন কি শেষ ? ধূমকেতু রিলিজের আগে অঙ্ক কি কঠিন রিলিজ হচ্ছে কাল। ধূমকেতুর অঙ্ক সহজ হবে যদি সবাই সিনেমা হলে গিয়ে অঙ্ক কি কঠিন সিনেমাটা দেখেন। শেষ ভালো যার, সব ভাল তার।’
প্রসঙ্গত, ‘অঙ্ক কি কঠিন’ ছবি মুক্তির দিনই কোনও এক সুখবর আসতে চলেছে, সে ইঙ্গিত ছিল স্পষ্ট। টলিপাড়ার আনাচে-কানাচে সুখবর ছড়িয়ে পড়তেও শুরু করেছিল। জানা গিয়েছিল অবশেষে এই ছবি মুক্তি পেতে চলেছে। সেই খবরেই সিলমোহর দিলেন নায়কের প্রযোজনা সংস্থা। একবার এক সাক্ষাৎকারে দেব নিজেই জানিয়েছিলেন, “এই ছবি মুক্তি পেলে তিনি সবচেয়ে বেশি খুশি হবেন।” যেমন কথা তেমন কাজ। এবার শুধু ছবি মুক্তির অপেক্ষা। ২০১৬ সালে এই ছবির শুট শেষ হয়েছিল। তারপর ৯ বছরের অপেক্ষার অবসান।